মোদির কণ্ঠে আমার সোনার বাংলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় বিজেপির বিশাল জনসভায় কংগ্রেসমুক্ত ভারত গড়ার আহ্বান জানালেন নরেন্দ্র মোদি৷ গতকাল বুধবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ সমাবেশের ভাষণ শুরু করেন তিনি বাংলায়৷ মোদি বলেন, ‘এত মানুষ দেখে আনন্দে আমার মন ভরে গেল৷’ তিনি এর পরেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ আওড়ে বলেন, ‘আমিও পশ্চিমবঙ্গকে ভালোবাসি৷’
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি কবিগুরু রবীন্দ্রনাথ ও নেতাজি সুভাষচন্দ্র বসুকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন৷ তৃতীয় ফ্রন্ট নেতাদের হাওয়া কোন দিকে বইছে তা দেখার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘দেশবাসী এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাঁরা বিজেপিকেই ভোট দেবেন৷ এবারের ভোট সব হিসাব-নিকাশই উল্টে দেবে৷ এবারের ভোটে দল লড়ছে না, লড়ছে জনগণ৷ একবার আমাদের ভোট দিন, দেখুন বাংলার জন্য কী করি৷’
এই জনসভায় আরও বক্তব্য দেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি রাজনাথ সিং, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংসদ বরুন গান্ধী, কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজ হুসেন, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা প্রমুখ৷ তাঁরা প্রত্যেকেই বাম দল, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদিই৷ ভারতের মানুষ দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে আর চাইছে না৷