ভারতের লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কে কী প্রভাব পড়তে পারে, তা নিয়ে বিশ্লেষণ চলছে৷ বিজেপি ও তাদের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সাধারণ পাকিস্তানিদের মনে একটি অস্বস্তিকর অনুভূতি আছে৷ কিন্তু এখন বাস্তবতা মেনে নিয়ে সামনে এগোতে মোদির ইতিবাচক দিকগুলোকে সামনে রাখছে পাকিস্তান৷ এ ক্ষেত্রে আশাবাদী হওয়ার পথ দেখাচ্ছে বিজেপির আগের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্কের বিষয়টি৷
এমনিতেই ভারত-পাকিস্তানের শান্তির পথে অন্তরায় কাশ্মীর৷ এই অবস্থায় বিজেপির এবারের নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল, তারা জয়ী হলে সংবিধান সংশোধন করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করবে৷ বিজেপি সত্যিই সে পথে হাঁটলে কাশ্মীর হয়তো আরও অশান্ত হয়ে উঠতে পারে৷
গুজরাট দাঙ্গার পর থেকে মোদিকে নিয়ে মুসলমানদের মধ্যে ভীতি আছে৷ পাকিস্তান এক্সপ্রেস টিভির উপস্থাপক ও ফ্রাইডে টাইমস পত্রিকার পরামর্শক সম্পাদক রাজা রুমির মতে, মোদির বিজয় বেশির ভাগ পাকিস্তানিকে মনে হয় এটাই স্মরণ করিয়ে দিয়েছে, দ্বিজাতি তত্ত্ব তাহলে বুঝি একরকম ঠিকই ছিল৷
রুমি লিখেছেন, ‘পূর্ব সীমান্তে একটি শক্তিশালী হিন্দু জাতীয়তাবাদী সরকারের উপস্থিতি পাকিস্তানের ওপর কী প্রভাব ফেলবে? খোলাখুলি বলতে হলে, কাশ্মীর, সিয়াচেন ও পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে যে বিরোধ দীর্ঘদিন ধরে আছে, তা থাকবে৷’
রাজা রুমি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাচ্ছে৷ এ অবস্থায় ভারত সেখানে কৌশলগতভাবে শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করবে৷ এ িনয়ে আফগানিস্তানে স্বল্প মেয়াদে ভারত-পাকিস্তান ছায়াযুদ্ধ আরও জোরালো হতে পারে৷
তবে আশার কথা হচ্ছে, মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানকে জোর দিয়েছেন৷ তিনি নিজে দীর্ঘ সময় ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে সফলতা দেখিয়েছেন৷ কাজেই সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি এগুলোকেই গুরুত্ব দেবেন৷
রুমি লিখেছেন, ‘বিজেপির আগের প্রধানমন্ত্রী বাজপেয়ির প্রশাসনের সঙ্গে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সামরিক শাসক পারভেজ মোশাররফের কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ ছিল, তা বলা যায় না৷ নওয়াজ ও মোশাররফের সঙ্গে বাজপেয়ি সরকারের সংলাপ ও ব্যবসা-বাণিজ্যও হয়েছে৷’