মোদির নির্দেশে ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ধ্বংস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সরকারি বিভিন্ন দপ্তরে ‘পরিচ্ছন্নতা অভিযান’ চালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর এক মাসের কম সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ১৫ লাখ নথি নষ্ট করা হয়েছে৷ এসব নথির মধ্যে ঐতিহাসিক বিভিন্ন দলিল-দস্তাবেজ থাকায় উদ্বেগের জন্ম দিয়েছে৷ খবর ডনের।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের উল্লেখ করে পাকিস্তানের ইংরেজি দৈনিকটি জানায়, নয়াদিল্লির নর্থ ব্লকের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়) আলমািরগুলোতে ধুলা-বালিতে চাপা পড়েছিল অনেক নথি৷ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোদি ‘পরিচ্ছন্নতা অভিযান’ চালানোর নির্দেশনা দিলে কাজ শুরু করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা৷ তাঁরা আলমারিগুলো ঘেঁটে অপ্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক নথিপত্রও খুঁজে পান৷
এসব নথির মধ্যে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনকে দেওয়া রাষ্ট্রপতির কার্যালয়ের বরাদ্দসংক্রান্ত একটি নথি রয়েছে৷ এর আওতায় মাউন্টব্যাটেনকে দেশে ফেরার জন্য পরিবহন/দৈনন্দিন ভাতা বাবদ ৬৪ হাজার রুপি দেওয়া হয়৷
আরেকটি নথি পাওয়া গেছে, যেখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের অবসরভাতা নিতে অস্বীকৃতি জানানোর ঘটনার উল্লেখ রয়েছে৷ প্রসাদ শেষ পর্যন্ত ওই ভাতা না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ওই অর্থ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে জমা হয়েছিল৷ এমনকি ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাঁর বেতন নিতে অস্বীকৃতি জানালে, সেই অর্থও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলে জমা হয়েছিল বলে ওই নথিতে উল্লেখ রয়েছে৷
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আরেকটি নথি পাওয়া গেছে, যেটার ঐতিহাসিক মূল্য অনেক বেশি৷ এটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীর মৃত্যুর ঘোষণা দেওয়ার আগে মন্ত্রিসভার ডাকা বৈঠকের। এই নথিতে ওই বৈঠকের বিস্তারিত বিবরণ রয়েছে৷
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এসব নথি সংরক্ষণ করা হয়েছে, নাকি আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছে—এক কর্মকর্তাকে এমন প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।
অমূল্য এসব ঐতিহাসিক নথি নষ্ট করার পেছনে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদেরা৷ ইতিহাসবিদ দিলীপ সিমন লিখেছেন, ঐতিহাসিক মূল্য থাকা এসব নথি সংরক্ষণ করার নিশ্চয়তা দিতে হবে৷ অন্তত নষ্ট করার আগে নথিগুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে৷ তা না হলে, যাঁরা জ্ঞান ও ঐতিহাসিক গবেষণার কদর করে থাকেন, তাঁরা এই খবরে উদ্বিগ্ন হবেন, এটাই স্বাভাবিক৷ তিনি বলেন, ‘যেসব নথি নষ্ট করা হচ্ছে, হতে পারে সেসব নথির ঐতিহাসিক মূল্য অনেক৷ আর শ্রদ্ধাভাজন পণ্ডিতদের মাধ্যমে স্বচ্ছ একটা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার ছাড়াই স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সেগুলো নষ্ট করবেন, এটা একেবারেই অগ্রহণযোগ্য... ভারতের ঐতিহাসিক মহাফেজখানা আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) ও মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়৷’