মোদির বিরুদ্ধে আবার আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আবারও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণের শেষ দিন গতকাল সোমবার ভোটারদের প্রতি তাঁর একটি ভিডিও বার্তা পাঠানো নিয়ে এই অভিযোগ তুলেছে ক্ষমতাসীন কংগ্রেস৷
মোদির ভিডিও বার্তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে কংগ্রেস৷ দলটির নেতা অজয় মাকেন টুইটারে এক বার্তায় লেখেন, আচরণবিধি লঙ্ঘন করে তৈরি মোদির ভিডিও বার্তা টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে সম্প্রচার করে? কমিশনের উচিত অবিলম্বে বিষয়টি নজরে আনা৷
ভিডিও বার্তায় মোদি ইতিপূর্বে সম্পন্ন আট পর্বে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ এবং শেষ পর্বে বারানসিতে তাঁর দলকে ভোট দেওয়ার আবেদন জানান৷ বার্তায় তিনি বলেন, ‘আজ (গতকাল) বারানসিতে ভোটের দিন৷ এদিন শেষে ভারতের জনগণ, ভোটার ও গণতন্ত্রের জয় হওয়া উচিত৷’
মোদির এ বার্তা সম্প্রচারে গণমাধ্যমকে প্রভাবিত করার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অিভযোগ করেছে আম আদমি পার্টিও (এএপি)৷
মোদির উত্তরসূরির খোঁজে আজ বৈঠক: গুজরাট বিধানসভার সব বিজেপি সদস্যকে নিয়ে গান্ধীনগরে আজ মঙ্গলবার এক বৈঠকে ডেকেছেন নরেন্দ্র মোদি৷ বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
তবে বিজেপির সূত্রগুলো বলেছে, এটি নিয়মিত বৈঠক৷ সিএনএন-আইবিএন, এনডিটিভি৷