মোদির মাথাব্যথা মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মুহূর্তের মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার আগামী শুক্রবার সব রাজ্যের খাদ্যমন্ত্রীদের বৈঠক ডেকেছে। ৭ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে মূল্যবৃদ্ধির মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হলেও বিরোধীরা সরকারকে কোণঠাসা করতে এটাকেই প্রধান হাতিয়ার করছে।
একদিকে খরার ভ্রুকুটি, অন্যদিকে ইরাকের পরিস্থিতি সারা দেশে মূল্যবৃদ্ধির প্রধান কারণ। অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে মাত্র কয়েক দিন আগে রেলের যাত্রীভাড়া ও পণ্যমাশুল—দুই-ই বেশ ভালো রকম বাড়ানো হয়। গত সোমবার মধ্যরাত থেকে বাড়ানো হয়েছে পেট্রল ও ডিজেলের দাম। পেট্রল বাড়ল লিটারপ্রতি এক রুপি ৭০ পয়সা, ডিজেল লিটারে ৫০ পয়সা। মঙ্গলবার বাড়ানো হলো ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। বাড়ল সিলিন্ডারে সাড়ে ১৬ রুপি। এই সার্বিক মূল্যবৃদ্ধির ব্যাপক প্রভাব পড়েছে নিত্যব্যবহার্য প্রতিটি জিনিসের ওপর। চাল, ডাল, তেল, শাকসবজির পাশাপাশি বেড়েই চলেছে মাছ, মাংস ও ডিমের দাম। প্রতিটি ক্ষেত্রেই বৃদ্ধির হার প্রায় ২০ শতাংশ। আলু ও পেঁয়াজের হঠাৎ আকাল শুরু হয়েছে। পাইকারি বাজারে যে হারে দাম বাড়ছে, তার সঙ্গে খুচরা বাজারের মূল্যবৃদ্ধির সামঞ্জস্য নেই। ফলে একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। রমজান মাস শুরু হয়ে গেছে। এই সময় মূল্যবৃদ্ধির লাগাম টানতে স্থানীয় সরকারগুলোকে কড়া হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। দলগতভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেও বাজারের দামে তার প্রতিফলন তেমন ঘটেনি। কেন্দ্রের পক্ষে রাজ্যগুলোকেও ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
কিন্তু বর্ষা ঠিকমতো না হলে কোনো ব্যবস্থাই ফলপ্রসূ হবে না। প্রধানমন্ত্রী গত সপ্তাহে যে বৈঠক ডেকেছিলেন, তাতে আবহাওয়া দপ্তর আশার কথা বিশেষ একটা শোনাতে পারেনি। জুন মাসে বৃষ্টির ঘাটতি প্রায় ৫০ শতাংশ। জুলাইয়ে বর্ষা ঘাটতি কিছুটা পুষিয়ে দেবে বলা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের প্রায় ৫০ শতাংশ সেচবিহীন অঞ্চলে ফসল ফলানো কঠিন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরাকের অবস্থা। ইতিমধ্যেই তেলের দাম বেড়েছে। রুপি-ডলার বিনিময়মূল্য এখনো ঠিক আছে। কিন্তু রুপির দাম কমলে আরও বিপত্তি। তাতে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম আরও বেড়ে মূল্যবৃদ্ধিকে অসহনীয় করে তুলতে পারে। মে মাসে মূল্যসূচক বেড়ে হয়েছে ৯ দশমিক ৫ শতাংশ।
ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সংকটের মোকাবিলায় নামতে হচ্ছে। প্রশাসনিক দিক থেকে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও দলকে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। সাংসদদের বলা হয়েছে, কেন্দ্রে কেন্দ্রে এই প্রচার চালাতে যে, পূর্বতন কংগ্রেস সরকারের ভুল নীতিই এই মূল্যবৃদ্ধির কারণ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কংগ্রেসকে দায়ী করে বিবৃতি দিয়েছেন।
কংগ্রেসও পাল্টা দুষছে বিজেপিকে। দলের নেতা মনীশ তিওয়ারি বলেছেন, মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে কেউ বাধা দিচ্ছে না। তিনি ব্যবস্থা নিয়ে দেখান। এ অবস্থায় জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অর্থমন্ত্রী অরুণ জেটলি সরকারের প্রথম বাজেট পেশ করবেন। তাঁকে প্রত্যাশা ও বাস্তবতার এক কঠিন ভারসাম্যের পরীক্ষা দিতে হবে।