মোদির মায়ের জন্য নওয়াজের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের জন্য একটি শাড়ি উপহার পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টি জানান মোদি৷ খবর পিটিআইয়ের৷
টুইটারে মোদি লিখেছেন, ‘নওয়াজ শরিফজি আমার মায়ের জন্য সাদা রঙের দারুণ একটি শাড়ি পাঠিয়েছেন৷ আমি সত্যিই তাঁর প্রতি কৃতজ্ঞ৷ এই উপহার আমি শিগগিরই মায়ের কাছে পাঠিয়ে দেব৷’
গত ২৬ মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি৷ শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছিলেন নওয়াজ৷ তখন নওয়াজের মায়ের জন্য একটি চাদর উপহার দিয়েছিলেন মোদি৷ ওই চাদর দেখে উচ্ছ্বসিত নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ টুইটারে লিখেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ৷ দাদির জন্য চমৎকার একটি চাদর উপহার পাঠিয়েছেন তিনি৷ বাবা নিজেই ওই চাদর দাদিকে দিয়েছেন৷’