মোদির শপথ অনুষ্ঠান নিয়ে তিন স্তরের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণকে কেন্দ্র করে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এ মুহূর্তে একদিকে উৎসবের মতো সাজসাজ রব অন্যদিকে কঠোর নিরাপত্তার আয়োজন। লাল মোরাম বিছানো প্রশস্ত আঙিনায় তিন হাজার মানুষের জন্য বিশাল এ আয়োজন নিয়ে চলছে ব্যাপক প্রস্ততি৷ অন্যদিকে শ্রীলঙ্কাকেন্দ্রিক কূটনৈতিক জটিলতা এখনো অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপতি ভবন ইতিমধ্যে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই দিন বাইরের কেউ এর চৌহদ্দিতে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে শপথ গ্রহণের দিন সোমবার গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া থাকবে। এ ছাড়া থাকবে আকাশপথে নজরদারি৷ এ জন্য বিমানবাহিনী বিশেষ ব্যবস্থা করছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ করা নিয়ে সৃষ্ট তামিল অসন্তোষ নিশ্চয়ই এই কড়াকড়ির অন্যতম কারণ৷
রাষ্ট্রপতি ভবনের ভেতর ও বাইরে নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন বাহিনীর সমন্বয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিন স্তরের বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে শপথ অনুষ্ঠানের সময়৷ নিরাপত্তা হবে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময় যতটা, তার চেয়েও কড়া৷
এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে কিছুতেই যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকেন, তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলো সে জন্য জোর তদবির শুরু করেছে। পাশাপাশি, এই আমন্ত্রণকে কেন্দ্র করে ভারতে সৃষ্ট উত্তেজনা হ্রাস ও ঘরোয়া রাজনীতিতে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে রাজাপক্ষে তাঁর দেশের তামিল অঞ্চলের মুখ্যমন্ত্রীকে সফরসঙ্গী হতে অনুরোধ জানিয়েছেন।শেষ পর্যন্ত এই টানাপোড়েনের সমাধান কীভাবে হবে, তা এখনো অজানা।
ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীদের বিশেষ গুরুত্ব দিতে আগ্রহী, তার প্রমাণস্বরূপ তিনি শপথ গ্রহণের দিন সব সার্ক সদস্যদেশের প্রধানদের আমন্ত্রণ জািনয়েছেন। বিপত্তি এখানেই। তাঁকে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ ভারতের তামিল রাজনৈতিক নেতারা বিজেপির ওপর চাপ সৃষ্টি করেছেন। বিজেপির সহযোগী দল এমডিএমকে, পিএমকে ও ডিএমডিকে জানিয়েছে, এ ঘটনা তামিল ভাবাবেগে আঘাত দেবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বলেন, যাঁরা এই পরামর্শ দিয়েছেন, তাঁরা ঠিক করেননি। এই সিদ্ধান্ত তামিলদের মন বিষিয়ে দেবে। এটা এড়ানো গেলেই ভালো হতো। একই মন্তব্য করেছেন ডিএমকে নেতা করুণানিধি। তিনিও বলেছেন, এটা অবাঞ্ছিত এবং এড়ানো গেলেই ভালো।
মোদির কাছে বিষয়টি শাঁখের করাতের মতো হয়ে দাঁড়িয়েছে। রাজাপক্ষে আমন্ত্রণ গ্রহণ করে দিল্লি আসার দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। আমন্ত্রিতকে ফেরানো অসম্ভব, আবার ঘরোয়া রাজনৈতিক নেতাদের উপেক্ষা করাও কঠিন।
পৃথক স্বাধীন রাষ্ট্রের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করা তািমল গেরিলাবাহিনী এলটিটিইকে চূড়ান্তভাবে পর্যুদস্ত করার সময় দেশটির সেনাবাহিনী হাজার হাজার সাধারণ তামিলকে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে৷ এ কারণে তামিল জনগোষ্ঠীর মানুষ প্রেসিডেন্ট রাজাপক্ষকে গুরুতর মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্ত করে৷
এদিকে ভারতের তামিল ভাবাবেগে প্রলেপ লাগাতে রাজাপক্ষে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের মুখ্যমন্ত্রী সি ভি বিঘ্নেশ্বরণকে তাঁর সঙ্গী হয়ে ভারত সফরে আসতে অনুরোধ করেছেন। তামিল ক্ষোভ প্রশমনে এটা কার্যকর হবে বলে তিনি মনে করছেন। তবে মুখ্যমন্ত্রী বিঘ্নেশ্বরণ প্রেসিডেন্টের সফরসঙ্গী হবেন কি না, তা গতকাল রাত পর্যন্ত জানা যায়নি। যদিও সরকার আশাবাদী।