মোদির শপথেও রেকর্ড
ভারতের এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি বেশ কিছু নির্বাচনী রেকর্ড ভেঙেছে৷ প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার সন্ধ্যায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান গড়ছে আরও কয়েকটি রেকর্ড৷ খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস৷
মোদির শপথগ্রহণ উপলক্ষে আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বসছে এযাবৎকালের সবচেয়ে বেশি অতিথির মিলনমেলা৷ এতে যোগ দিচ্ছেন আটজন রাষ্ট্রপ্রধান, দেড় শ প্রতিনিধিদল এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অতিথিরা৷ সব মিলিয়ে উপস্থিত থাকছেন প্রায় চার হাজার অতিথি৷
শপথ অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবনের আঙিনায় বিশাল জায়গাজুড়ে টানানো হচ্ছে শামিয়ানা৷ এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শপথগ্রহণ অনুষ্ঠানে বেশ বড় আয়োজন হয়েছিল৷ ১৯৯৯ সালে ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ২০০ অতিথি৷