মোদির সরকারকে পথ দেখাবে তিন প্রতিষ্ঠান
ভারতে আগামী সপ্তাহেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদির নতুন সরকারের কাছে ক্ষমতার অানুষ্ঠানিক পালাবদল হতে চলেছে৷ নতুন সরকারকে বুদ্ধিবৃৃত্তিক নানা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে সুশীল সমাজের তিনটি প্রতিষ্ঠান৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
বিজেপির আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমর্থনপুষ্ট এই তিন প্রতিষ্ঠান হলো কেরালার ভারতীয় বিচার কেন্দ্রাম, মুম্বাইয়ের রামভাও মহালগি প্রবোধিনি (অারএমপি) ও দিল্লির ইন্ডিয়া পলিসি ফেডারেশন (আইপিএফ)৷ প্রতিষ্ঠানগুলো নরেন্দ্র মোদির সরকারকে বুদ্ধিবৃত্তিক সহায়তা দেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সরকারের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ার ওপরও নজর রাখবে৷
প্রতিষ্ঠানগুলোর মধ্যে অারএমপি গঠনে আশির দশকের শেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বিজেপির প্রয়াত নেতা প্রমোদ মহাজন৷ পরবর্তী সময়ে জন সিংহ দলের প্রবীণ নেতা রামভাও মহালগির নামানুসারে এর নামকরণ করা হয়৷ তুলনামূলকভাবে নতুন ও সবচেয়ে সক্রিয় প্রতিষ্ঠান আইপিএফ৷ এর সঙ্গে জড়িত আছেন আরএসএসের দত্তত্রেয়া হসবোলে, মনমোহন বৈদ্য, সুরেশ সনি ও বজরং লালগুপ্তের মতো প্রভাবশালী নেতারা৷
আরএমপির মহাপরিচালক ও পাবলিক পলিসি রিসার্চের পরিচালক বিনয় সহস্রবুদ্ধ বলেন, তিনি নতুন সরকারের সঙ্গে বিস্তৃত পরিসরে কাজ করার অপেক্ষায় রয়েছেন৷ তিনি বলেন, নরেন্দ্র মোদি হাতেগোনা ওই সব রাজনীতিবিদের একজন, যাঁরা সরকারের অভ্যন্তরে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব সম্পর্কে কথা বলেন৷
সহস্রবুদ্ধ জানান, তাঁর প্রতিষ্ঠান অনেক বছর ধরেই গুজরাট সরকারের কর্মকর্তা-কর্মচারী এবং রাজ্যের শিক্ষকদের প্রশিক্ষণে নিয়োজিত রয়েছে৷ তিনি বলেন, ‘অামরা এ বিষয়টির ওপর জোর দিই যে সরকারি কর্মীরা কর্মচারী নন, বরং কর্মযোগী৷ ১৯৮৯ সালে মোদি নিজেও আরএমপির ছাত্র ছিলেন৷’
আরেক প্রতিষ্ঠান অাইপিএফের পরিচালনার দায়িত্বে আছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি কপিল কাপুর ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাকেশ সিনহা৷ প্রতিষ্ঠানটি স্পর্শকাতর আইনকানুন নিয়ে নানা কাজ, উর্দু ভাষাভাষী গণমাধ্যম পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য অধিকারের মতো বিভিন্ন ইস্যু ও সমকালীন বিষয়ের ওপর গবেষণা করে থাকে৷
কপিল কাপুর বলেন, আইপিএফ সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলবে এবং গবেষণা ও মতামত গঠনের দিকে মনোযোগ দেবে৷