মোদি-সুষমার ভুল বক্তব্য সামাজিক মাধ্যমে বিতর্ক
ভুটান সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রতিনিধিদল ওই দেশের গণমাধ্যমে যথেষ্ট ইতিবাচক প্রচারণা পেয়েছেন। একই সঙ্গে মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁদের ভুল বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় এসেছেন। খবর দ্য হিন্দুর।
ভুটান পার্লামেন্টে যৌথ অধিবেশনে মোদি বলেন, ‘আমি নেপালের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করতে চাই...ভুটানের রাজপরিবার গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করছে এবং জনগণের অধিকার রক্ষা করেছে।’
ভুটানের পরিবর্তে নেপালের এ ব্যবহার পরিহাসমূলক৷ কারণ, নির্বাসিত নেপালি শরণার্থীদের সমস্যা এবং নিজ নিজ দেশের রাজতন্ত্র ও গণতন্ত্র নিয়ে তাদের সম্পর্ক বেশ অস্বস্তিকর৷
পরে মোদি তাঁর বক্তব্যে ভুটানের পরিবর্তে ভুলে ‘লাদাখ’-এর কথা বলেন। এস এম কৃষ্ণা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভুল দেশের কথা বলে যে বক্তব্য দিয়েছিলেন, টুইটারে সেই বিষয়টিকে তুলে এনে মোদির বক্তব্যের সঙ্গে তার তুলনা করা হয়৷ টুইটারে আবার অনেকে বিহারে মোদির নির্বাচনী প্রচারণায় ভুলে ‘তক্ষশিলা’-র কথা বলার বিষয়টির সঙ্গে তুলনা করেন৷ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা একে ‘টুইটার বিতর্ক’ বলে উল্লেখ করে।
এদিকে থিম্পুতে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এমন কথা বলেন, যা বিব্রতকর হতে পারতো। সুষমার কাছে আসন্ন বাংলাদেশ সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশ সফর ভুটানের চেয়ে ভালো হতে পারে। সৌভাগ্যবশত এ কথায় তাঁর পাশে থাকা ভুটানের কর্মকর্তারা কিছু মনে করেননি।