মেয়ের নাম প্রকাশের অনুমতি দেননি বাবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া মেডিকেলের সেই ছাত্রীর নাম প্রকাশের অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তাঁর বাবা। রোববার ব্রিটেনের সানডে পিপল পত্রিকা ওই ছাত্রীর বাবার দেওয়া এক সাক্ষাৎকার প্রকাশ করে। এতে মেয়ের নাম প্রকাশের ব্যাপারে তাঁর বাবা আগ্রহ প্রকাশ করেছেন বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে পত্রিকাটি ওই ছাত্রী ও তাঁর বাবার নামও প্রকাশ করে।সানডে পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, সেদিন ওই ছাত্রীর বাবা সাক্ষাৎকারে বলেন, ‘আমি চাই পৃথিবী তার প্রকৃত নাম জানুক। আমার মেয়ে কোনো ভুল কাজ করেনি। নিজেকে রক্ষা করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে। আমি এ জন্য গর্বিত। তার প্রকৃত নাম প্রকাশ করা হলে এ ধরনের হামলার শিকার অন্য নারীরা সাহসী হয়ে ওঠার অনুপ্রেরণা পাবে। এতে অন্যরা বেঁচে থাকার শক্তি পাবে।’তবে হিন্দুস্তান টাইমস পত্রিকার কাছে ওই ছাত্রীর বাবা দাবি করেন, তিনি তাঁর মেয়ের নাম প্রকাশের অনুমতি দেননি। তিনি বলেন, ‘আমি কেবল বলেছি, সরকার যদি নারীর বিরুদ্ধে সহিংসতাবিরোধী কোনো নতুন আইন আমার মেয়ের নামে করে, এতে আমাদের কোনো আপত্তি নেই।’ওই ছাত্রীর বাবা আরও বলেন, ‘আমি চাই, আমার মেয়ে এমন একজন হিসেবে পরিচিত হোক, যে সমাজ ও আইনে পরিবর্তন আনতে পেরেছে। একটি নৃশংস অপরাধের শিকার হিসেবে তাঁর পরিচিতি আমাদের কাম্য নয়।’ভারতের প্রচলিত আইন অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার কারও নাম প্রকাশ করা নিষিদ্ধ। হিন্দুস্তান টাইমস ও আল-জাজিরা।