মেয়ের বিয়েতে যোগ দিলেন কারাবন্দী ফুজিমোরি
পেরুর সাবেক প্রেসিডেন্ট কারাবন্দী আলবার্তো ফুজিমোরি গত শনিবার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাজধানী লিমায় পুলিশের সদর দপ্তরের জেলখানার ভেতর একটি ছোট গির্জায় এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষমতার অপব্যবহারের দায়ে ফুজিমোরি ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন। স্থানীয় আরপিপি রেডিও গত শনিবার এ খবর জানায়। ৭১ বছর বয়সী ফুজিমোরি কারাগারের যে কক্ষে থাকেন, এর ৪০০ মিটার দূরের ওই ছোট গির্জায় মেয়ে সাচি মারসেলা ফুজিমোরির (৩০) বিয়ের অনুষ্ঠানটি হয়। বর জার্মান নাগরিক মার্ক কোয়েনিং। বিয়েতে পরিবারের ঘনিষ্ঠজন, বন্ধুবান্ধবসহ ৪০ জন উপস্থিত ছিলেন। এদিকে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, পেরুর প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়ার কাছ থেকে ফুজিমোরি বিশেষ সুবিধা পাচ্ছেন। তবে গার্সিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মেয়ের বিয়ের দিন তাঁর পাশে থাকার অধিকার রয়েছে যেকোনো বাবার।ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ২০০৯ সালের এপ্রিলে লিমার আদালত ফুজিমোরিকে ২৫ বছরের কারদণ্ড দেন। ফুজিমোরি ২০০০ সালে দেশ ছেড়ে পালিয়ে যান। একপর্যায়ে টোকিও থেকে দেশে ফ্যাক্সবার্তা পাঠিয়ে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেন। পরে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা হিসেবে ২০০৫ সালে তিনি চিলি যান। এর দুই বছর পর চিলি সরকার তাঁকে পেরুতে ফেরত পাঠায়। ওই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পিটিআই।