ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন। রুসেফ বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। দেশটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর।ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, ব্রাজিলের বিকাশমান তেল ও গ্যাসশিল্প এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। উন্নত দেশগুলোতে সমপ্রসারণবাদী মুদ্রানীতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন রুসেফ। তিনি বলেন, এতে উন্নত দেশগুলোর সঙ্গে তাল মেলাতে পারছে না উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো।মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র-ব্রাজিল মৈত্রী বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। অতীতে এই সম্পর্ক কখনোই তেমন জোরদার ছিল না। বর্তমানের এই সুসম্পর্ক থেকে সংশ্লিষ্ট দুই দেশ ছাড়াও সারা বিশ্ব সুফল পেতে পারে। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও তাঁর পূর্বসূরি লুলা দা সিলভার আমলে ব্রাজিলের অর্জিত অসাধারণ অগ্রগতির প্রশংসা করে ওবামা বলেন, বর্তমান বিশ্বের নেতৃত্বদানকারী কণ্ঠস্বরে পরিণত হয়েছে ব্রাজিল। রুসেফ বলেন, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাণিজ্য ও বিনিয়োগকে তিনি স্বাগত জানিয়েছেন। বাণিজ্য ছাড়াও ‘বিজ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগে’ উভয় দেশের সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে। তবে আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা ও মুদ্রার অবমূল্যায়নের বিষয়গুলো উদ্বেগ সৃষ্টি করে। এতে উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার বড় দুই অর্থনীতির এই দুই দেশের মধ্যে মৈত্রী দৃঢ়তর করাই তাঁর এ সফরের প্রধান লক্ষ্য। এ ছাড়া ব্রাজিলে দক্ষ কর্মী-সংকট মোকাবিলায় শিক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে এ সফরে। ব্রাজিলের এক লাখ শিক্ষার্থীকে পড়াশোনার জন্য বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যাবে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামপ্রতিক বছরগুলোতে কূটনৈতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মতানৈক্য হয়েছে। বিশেষ করে ইরানের ওপর অবরোধ আরোপের বিষয়ে দুই দেশ একমত হতে পারেনি। বিবিসি ও সিনহুয়া।