মোগাদিসুতে ফের সংঘর্ষ, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বন্দুকধারীদের গুলিতে ছয়জন পার্লামেন্ট সদস্যসহ ৩০ জন নিহত হওয়ার এক দিন পর গতকাল বুধবার দেশটির সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে। বেশ কয়েকজন জঙ্গিও নিহত হয়। তাদের সংখ্যা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোগাদিসুর সহিংসতাপূর্ণ দক্ষিণ ও উত্তরাঞ্চলে গতকাল সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়েছে। মুহিদিন আলী নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি আজ (বুধবার) সকালে ছয়জন বেসামরিক ব্যক্তির লাশ দেখেছি। তাদের মধ্যে চারজন একই স্থানে নিহত হয়েছে। অন্যরা মারা গেছে পৃথক স্থানে।’মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তারা জানান, অন্তত ১৮ জন আহত বেসামরিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারি নিরাপত্তা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আদান জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিপক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট চরমপন্থী সংগঠন আল-সাবাব মঙ্গলবারের হামলার ঘটনার পর নিজেদের বিজয়ী ঘোষণা করেছে।মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে মোনা নামক একটি হোটেলে মঙ্গলবার সশস্ত্র হামলা চালায় জঙ্গিরা। এতে ছয়জন পার্লামেন্ট সদস্যসহ মোট ৩০ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ২০ জন। আল-সাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তিন বছর ধরে পশ্চিমা-সমর্থিত বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে আল-সাবাব। এতে ২১ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এএফপি।