মোগাদিসুুতে বোমায় ক্রীড়া কর্মকর্তাসহ সাতজন নিহত
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি অনুষ্ঠানস্থলে বোমা বিস্ফোরণে দেশটির অলিম্পিক কমিটির প্রধান ও ফুটবল বিভাগের প্রধানসহ সাত ব্যক্তি নিহত হয়েছেন। নবনির্মিত একটি মিলনায়তনে গতকাল বুধবার এ হামলা চালানো হয়।বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী আবদিওয়েলি মোহাম্মদ। তবে তিনি অক্ষত রয়েছেন। হামলায় বহু লোক আহত হয়। প্রধানমন্ত্রী বলেন, তাঁর বক্তব্য চলাকালে একজন নারী আত্মঘাতী ওই বোমা হামলা চালিয়েছেন। নির্দোষ মানুষকে হত্যার লক্ষ্যে আল-শাবাব গোষ্ঠী এ হামলা চালায়।নিহত ব্যক্তিদের মধ্যে আছেন সোমালি অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট এডেন ইয়াবারো উইশ, সোমালি ফুটবল ফেডারেশনের প্রধান সাইদ মোহাম্মদ নুর। সোমালিয়ার জাতীয় টেলিভিশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ওই অনুষ্ঠানে দেশটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করে বলেছে, আগে থেকেই তারা ওই বোমা স্থাপন করেছিল। এটি আত্মঘাতী হামলা নয়। আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী মিশন ‘ঘৃণ্য’ ওই হামলার নিন্দা জানিয়েছে।আলশাবাব জঙ্গিরা মোগাদিসুসহ সোমালিয়া বিশাল অংশ নিয়ন্ত্রণ করতো। আফ্রিকান ইউনিয়ন বাহিনীর অভিযানে গত বছর তারা শহর ছাড়তে বাধ্য হয়। বিবিসি।