মোটা হওয়ার দৌড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ নারীই মুটিয়ে যাওয়ার প্রবণতা সভয়ে এড়িয়ে চলে। শরীরে মেদ জমে গেলে তা ঝরাতে চলে প্রাণান্তকর চেষ্টা। কিন্তু ডোনা সিম্পসনের সে বালাই নেই। বরং তিনি উল্টো কাজটি করতেই আদাজল খেয়ে লেগেছেন। যত বেশি ওজন বাড়ানো যায়, ততই যেন তাঁর লাভ। কারণ বিশ্বের সবচেয়ে ওজনদার নারী হিসেবে রেকর্ড গড়তে চান তিনি। ৪২ বছর বয়সী ডোনার বাড়ি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। বয়সের সঙ্গে সঙ্গতি রেখে তাঁর ওজন এখন ৪২ স্টোন (১৪ পাউন্ডে এক স্টোন)। তিনি তাঁর এই ওজন এক হাজার পাউন্ডে নিয়ে যেতে চান। ১৪ ও তিন বছর বয়সী দুটি সন্তান আছে তাঁর। একটি ওয়েবসাইটে তিনি মডেল হয়েছেন। আগ্রহীরা টাকার বিনিময়ে ওই ওয়েবসাইটের ভিডিওতে ডোনার চর্বিযুক্ত খাবার খাওয়া ও গাড়ির দিকে হেঁটে যাওয়ার দৃশ্য দেখতে পারে। এর মধ্যে টেলিভিশনে কয়েকটি সাক্ষাত্কার প্রচার হয়েছে তাঁর। সংবাদমাধ্যমে এই প্রচারের বিষয়টি তিনি স্বাগত জানান।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র জানান, ডোনা দাবি করছেন, বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে তিনি আরেক দফা মা হতে যাচ্ছেন। তাঁর এই দাবি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে যে দুজনকে শনাক্ত করা হয়, মৃত্যুকালে একজনের ওজন ছিল ১২৮ ও অপরজনের ৮৫ স্টোন। ডোনা সিম্পসন জানান, তাঁকে নিয়ে একটি বই প্রকাশের প্রস্তাব এর মধ্যে তিনি গ্রহণ করেছেন। তিনি নিজের একটি রিয়্যালিটি শো চালু করতে চান। বেশি বয়সের নারীদের সাহস জোগাতে তিনি এই অনুষ্ঠান করতে ইচ্ছুক। ডোনা তাঁর বয়সী নারীদের সাধারণ পোশাকের পাঁচ গুণ বড় পোশাক পরে থাকেন। সূত্র: রয়টার্স।