বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্য দিয়ে গতকাল শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। দেশটির ইতিহাসে এই প্রথম নির্বাচিত সরকারের পূর্ণ মেয়াদ শেষে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। কিছু ভোটকেন্দ্রে জালিয়াতির অভিযোগ এবং কয়েকটি আসনে নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও মোটের ওপরে নির্বাচন ছিল সুষ্ঠু। সারা দেশে সহিংসতায় ২৮ জন নিহত ও ২০০ জন আহত হয়েছে। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত করতে গতকাল জনগণ ভোট দেন। নির্বাচনে কোনো কোনো আসনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এর জের ধরে নির্বাচন বর্জন করারও ঘোষণা এসেছে। গতকালই ভোটের আংশিক ফল ঘোষণা শুরু হয়েছে। তবে এতে কোনো দলের এগিয়ে থাকার স্পষ্ট আভাস পাওয়া যায়নি।তালেবান হামলার হুমকি থাকায় ব্যাপক নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। কোনো কোনো কেন্দ্রে ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ ওঠে।বিশ্লেষকদের ধারণা ও কিছু জরিপে এগিয়ে থাকা পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ লাহোরের একটি কেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। প্রার্থনা করি, পাকিস্তান ও পাকিস্তানের জনগণের ভালো হোক।’পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) জানায়, দুপুর পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে। কমিশনের মুখপাত্র, খুরশিদ আলম জানান, ৬০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।ভোট গ্রহণ শুরুর পরপর রাজধানী ইসলামাবাদের একটি কেন্দ্রে ভোট দিতে যাওয়া ৭৪ বছর বয়সী ভোটার আবদুল সাত্তার বলেন, ‘পুরোনো মুখগুলোর বারবার ক্ষমতায় আসায় আমরা হতাশ। তাঁরা এই জাতিকে কিছুই দিতে পারেননি।’ এই ভোটকেন্দ্রে অন্তত ২০০ ভোটারকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। ইসলামাবাদ শহরের অদূরের একটি কেন্দ্রে দুপুরের দিকে খোঁজ নিয়ে জানা যায়, এই কেন্দ্রে অন্তত চার হাজার ভোটার ইতিমধ্যে ভোট দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকজন পর্যবেক্ষক লাহোরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন। তাঁরা জানান, সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো অনিয়ম চোখে পড়েনি। বিবিসি বাংলার খবরে বলা হয়, সাবেক ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে নওয়াজের পিএমএলের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সদ্য ক্ষমতার মেয়াদ পূর্ণ করা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ফল বেশ হতাশাজনক হতে পারে। নির্বাচন বর্জন: করাচি ও হায়দরাবাদে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে ওই অঞ্চলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত-ই-ইসলামি। জরুরি সংবাদ সম্মেলন ডেকে দলটির প্রধান সাঈদ মুনাওয়ার হাসান অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা ও ভোট জালিয়াতিতে দেশটির রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম-হাকিকি) সরাসরি জড়িত। তাঁর অভিযোগ, হায়দরাবাদে তাঁদের সমর্থকদের পেটানো হয়েছে এবং দুটি ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এদিকে এমকিউএম করাচির লিয়ারি এলাকায় ভোট জালিয়াতির অভিযোগ তুলেছে। দলটির জ্যেষ্ঠ নেতা ফারুক সাত্তার অভিযোগ করেন, তাঁর আগে থেকেই সন্ত্রাসী হামলার হুমকি পাচ্ছিলেন। তার পরও নির্বাচনে অংশ নেন। এখন ষড়যন্ত্র করে ভোট জালিয়াতির মাধ্যমে তাঁদের প্রতি জনগণের রায় ছিনতাই করা হচ্ছে। এ ছাড়া, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল ও জমিয়তে উলেমা-ই-পাকিস্তান দেশটির হায়দরাবাদ ও করাচিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। ইসিপি জানিয়েছে, তারা করাচি ও হায়দরাবাদে ভোট জালিয়াতির অভিযোগ পেয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ফল বাতিল করা হবে।নারী ভোটার উপস্থিতি: তালেবান হুমকির কারণে এবার এমনিতেই ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা ছিল। এই হুমকিসহ সামাজিক অনুশাসনের কারণে নারীদের উপস্থিতি সাধারণত কম হয়। তবে এবার লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের বেশ কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কড়া নিরাপত্তা: তালেবান হুমকির কারণে নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় ৭০ হাজার সেনাসদস্যসহ সারা দেশে প্রায় ছয় লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে ইরান ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। বিদেশি জঙ্গি ঠেকাতে তিন দিন এসব সীমান্ত বন্ধ রাখা হবে বলে জানা গেছে। এএফপি, বিবিসি, ডন ও নেশন।