মোদি অনেক এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে আছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। তাঁর পরের স্থানে রয়েছেন কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। আর তৃতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। এনডিটিভির এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল শুক্রবার ওই জরিপের ফলাফল প্রকাশিত হয়। ১২টি রাজ্যের দুই লাখ ভোটারের ওপর এ জরিপ চালানো হয়। ওই ১২ রাজ্যের মোট আসন ৩১৯টি। জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পেতে পারে ১৬৬টি আসন। ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন মোর্চা ইউপিএ বিজয়ী হতে পারে মাত্র ৫২টি আসনে। লোকসভার মোট আসন ৫৪৩টি।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪২ শতাংশ ভোটার মনে করেন, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদিই সেরা পছন্দ। এ ক্ষেত্রে রাহুল গান্ধীকে পছন্দ করেন ২৭ শতাংশ ভোটার। আর মাত্র ৬ শতাংশ ভোটার সমর্থন করেছেন কেজরিওয়ালকে। এনডিটিভি।