ভারতের আলোচিত দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে বলেছেন, নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর মধ্যে কেউই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন। এই সম্মানজনক পদটি অলংকৃত করার মতো ‘গ্রহণযোগ্যতা’ তাঁদের নেই।
ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতা নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং রাহুল গান্ধী কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। আগামী প্রধানমন্ত্রী হিসেবে তাঁদের নাম রাজনৈতিক মহলে উচ্চারিত হচ্ছে বেশ কিছুদিন থেকেই।
মোদি ও রাহুলের মধ্যে কার অবস্থান কেমন, সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার আন্না হাজারে ওই জবাব দেন।
উত্তর প্রদেশের সমাজকর্মী আন্না হাজারে বলেন, ‘প্রধানমন্ত্রিত্ব করার জন্য মোদি ও রাহুল—দুজনের কেউই আমার কাছে গ্রহণযোগ্য নয়।’
উত্তর প্রদেশের ফররুখাবাদে ‘জনতন্ত্র যাত্রায়’ অংশ নিয়ে আন্না হাজারে বলেন, মোদি দশ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান লোকযুক্ত প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছেন। তিনি বলেন, রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী নন।
আন্না হাজারে বলেন, দুর্নীতি ও অনিয়ম দলীয় রাজনীতির কুফল। তাঁর জনক্রান্তি মোর্চা ছয় কোটি নিবেদিতপ্রাণ কর্মীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান হাজারে। তিনি আরও বলেন, কর্মীদের সহায়তায় ন্যায়পালের দাবিতে ডিসেম্বরে নতুন করে আন্দোলন শুরু করবেন। পিটিআই।