মোদি দর্শনে ৫ রুপি!
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির দর্শন পেতে দরকার পাঁচ রুপি। উদ্যোক্তা বিজেপি। ইতিমধ্যেই ৪০ হাজার টিকিট বিক্রিও হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত টিকিট কাটা যাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১১ আগস্ট ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের লাল বাহাদুর স্টেডিয়ামে আয়োজিত এক জনসভায় যোগ দিতে সেখানে যাচ্ছেন মোদি। ওই জনসভায় যোগ দিতে রাজ্য বিজেপি পাঁচ রুপি করে টিকিটের ব্যবস্থা করেছে। টিকিট ইন্টারনেটেও কাটা যাচ্ছে।
অন্ধ্র প্রদেশের রাজ্য বিজেপির মুখপাত্র এম রামচন্দ্রন বলেছেন, উত্তরাখণ্ডে বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতেই এই সামান্য মূল্যের টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘বিভিন্ন জনসভায় বিভিন্ন দল জোর করে লোক আনে। আর আমাদের জনসভায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেয়।’
কোনো বিশেষ ব্যক্তিকে দেখতে টিকিট ব্যবস্থা চালু আছে যুক্তরাষ্ট্রে। তবে এই প্রথম ভারতে এ ব্যবস্থা চালু করেছে বিজেপি।