মোদি-নওয়াজ 'হঠাৎ দেখায়' উত্তেজনা হ্রাসের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি, নওয়াজ শরীফ
নরেন্দ্র মোদি, নওয়াজ শরীফ

প্যারিসে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কপ ২১’-এর অধিবেশনের বাইরে গত সোমবার ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ বৈঠককে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কেউ আকস্মিক সাক্ষাৎ, কেউবা নিছক সৌজন্য সাক্ষাতের ঘটনা বলে বর্ণনা করলেও অনেকের ধারণা, এটা চিরবৈরী প্রতিবেশী দুটি দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান উত্তেজনা কমাতে সাহায্য করবে।
ভারতের দ্য হিন্দু পত্রিকা বলেছে, সোমবার জলবায়ু সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি ওই দুই নেতা কিছুটা নাটকীয়ভাবে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।
পাকিস্তানের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে বলা হয়, নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠক ছিল সংক্ষিপ্ত। বৈঠককে এককথায় ‘সৌহার্দ্যপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন নওয়াজ।
দুই নেতার সাক্ষাৎটি পরিকল্পিত, নাকি নেহাতই আকস্মিক ঘটনা, আর তাঁদের আলাপের বিষয়বস্তুই বা কী ছিল, সেসব সম্পর্কে কোনো পক্ষই কোনো বিবৃতি দেয়নি। তবে কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বলেছে, এটা আকস্মিক কিংবা নেহাতই সৌজন্য সাক্ষাতের ঘটনা ছিল না। প্যারিসে মোদি ও নওয়াজের মধ্যে এ বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে দুই সপ্তাহ আগেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সে দেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতের সঙ্গে দেখা করেছিলেন।
প্রত্যক্ষদর্শী এক কূটনীতিকের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, মোদি জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতাদের বিশ্রাম নেওয়ার কক্ষে গেলে সেখানে নওয়াজকে দেখে এগিয়ে যান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমে বলা হয়, এটি ছিল দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ। তবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সংলাপের দরজা খোলা উচিত।’
পাকিস্তানি চর গ্রেপ্তারের দাবি: দ্য হিন্দু জানায়, মোদি ও নওয়াজের বৈঠকের দিনই দিল্লির পুলিশ দাবি করেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে পাকিস্তানি গুপ্তচর চক্রের দুই সদস্যকে তারা গ্রেপ্তার করেছে। ভারতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার দুজনের একজন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কনস্টেবল ও অপরজন পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য।