মোদি প্রধানমন্ত্রী হলে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র
ভারতের বিরোধী দলের নেতা নরেন্দ্র মোদি আসন্ন নির্বাচনে জয়ী হলে তাঁকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন। ২০০২ সালে মুসলমানবিরোধী দাঙ্গার ঘটনার পর মোদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহারের সুস্পষ্ট ইঙ্গিত এটা।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হেডলাইনস টুডেকে বলেছেন, মোদির সঙ্গে কাজ করার জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
আগামী এপ্রিল-মের সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত মোদিকেই এগিয়ে রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী হলে মোদিকে মার্কিন ভিসা দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসওয়াল বলেন, ‘আমি শুধু এটাই বলব যে যুক্তরাষ্ট্র বিশ্বের রোমাঞ্চকর এই গণতন্ত্রের প্রতিটি নেতাকে স্বাগত জানিয়েছে। ভারতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতা যুক্তরাষ্ট্রের একজন ভালো সহযোগী হবেন।’
নয়াদিল্লি সফরকালে এসব মন্তব্য করেছেন বিসওয়াল। নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তা করা নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্কে যে ফাটল ধরেছিল, তা মেরামত করার লক্ষ্য নিয়ে এ সফরে এসেছেন বিসওয়াল।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল গত মাসে গুজরাটে গিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্য দিয়ে ২০০২ সালে মোদি ক্ষমতায় থাকাকালে গুজরাটে সংঘটিত আলোচিত ওই দাঙ্গা নিয়ে তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিচ্ছেদের অবসান ঘটে। রয়টার্স।