মোদি ভালো মানুষ, বললেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে নির্বাচন, কাজে এল না নরেন্দ্র মোদির সালমান তাস। ভারতের আহমেদাবাদে একসঙ্গে ঘুড়ি ওড়ানোর পর গুজরাটের এই মুখ্যমন্ত্রীকে ভালোই সার্টিফিকেট দিলেন বলিউড অভিনেতা। কিন্তু প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী মোদিকে দেখতে চান কি না, সে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন সাল্লু হিসেবে পরিচিত এই তারকা। তিনি বললেন, যোগ্যতম ব্যক্তিরই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।

ভারতের মুসলমানদের ভোট টানতেই হয়তো সালমান খানকে উত্সবে নিয়ে আসেন নরেন্দ্র মোদি। নিজের আগামী ছবি ‘জয় হো’ এর প্রমোশনে আজ মঙ্গলবার আহমেদাবাদে এসেছিলেন সালমান। আর এরই ফাঁকে মোদির সঙ্গে ঘুুড়ি উত্সবে অংশ নেন তিনি। ‘জয় হো’ ২৪ জানুয়ারি মুক্তি পাবে।

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এ প্রশ্নের জবাবে সালমানের সাফ জবাব, সেরা প্রার্থীই প্রধানমন্ত্রী হবেন। মোদির ভাগ্যে যা আছে, তিনি তাই পাবেন৷ খবর এনডিটিভির।

সাংবাদিকদের জবাবে সালমান বলেন, ‘খোদা ঠিক করবেন দেশের জন্য কে হবেন সেরা মানুষ। সেরা মানুষই জিতবেন।’

বলিউডের তিন খানের এক খান বলেন, ‘নরেন্দ্র মোদি মস্ত মানুষ।’ কিন্তু তিনি এও বলেন, ‘ভোটাররা এই সিদ্ধান্তও নেবেন কে তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। যদি আপনারা মনে করেন, মোদি আপনাদের এলাকার জন্য সেরা বা যোগ্য, তাঁকে ভোট দেবেন। আপনাদের সংসদীয় এলাকায় যিনি যোগ্য তাঁকেই বেছে নেবেন। যেমন, আমার এলাকা মুম্বাইয়ের বান্দ্রায় বাবা সিদ্দিকী ও প্রিয়া দত্ত।’ এ কথা শুনে নরেন্দ্র মোদি হয়তো একটু ব্যথাও পেয়েছেন। কারণ, বাবা সিদ্দিকী ও প্রিয়া দত্ত যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের!