মোদি সরকারের দুই মাসে ১১৩টি সাম্প্রদায়িক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি সরকার ক্ষমতায় আসার পর দুই মাসে ভারতে ১১৩টি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ৩১৮ জন ।

গতকাল বুধবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ ‘রাজ্যসভা’য় কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রির এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু।

কিরণ রিজিজু আরও বলেন, কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী গত মে-জুন মাসে উত্তর প্রদেশে ২৭টি সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন নিহত আর ৭৮ জন আহত হয়েছেন। মহারাষ্ট্রে ২০টি সাম্প্রদায়িক সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হন। বিহারে ১০টি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৮৮ জন আহত হন। রাজস্থানে ১০টি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত ও ২৯ জন আহত হন। কর্ণাটকে ১১টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন আর পশ্চিমবঙ্গের দুটি সাম্প্রদায়িক সংঘর্ষে আহত হয়েছেন চারজন। 

 মধুসূদন মিস্ত্রি এবারের  লোকসভা নির্বাচনে গুজরাটের বরোদা কেন্দ্রে মোদির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান।