মোদি সরকারের প্রথম বাজেটে যা কিছু অভিনব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষিত হলো বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রথম বাজেট। রেলমন্ত্রী সদানন্দ গৌড়া লোকসভায় ২০১৪-১৫ অর্থবছরের রেল বাজেট উত্থাপন করেছেন। উত্থাপিত নতুন রেল বাজেটের নানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
নতুন সরকারের নতুন বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমেই ভারতীয় রেলওয়ের আধুনিকায়ন করব।’
বিজেপি সরকারের নতুন রেল বাজেটে যা কিছু নতুন :
- ভারতের রেল বহরে নতুন করে যোগ হবে ৫৮টি ট্রেন। প্রতিটি ট্রেনেই থাকবে অত্যাধুনিক সব সুবিধা।
- ভারতের ইতিহাসে প্রথমবারের মতো বুলেট ট্রেন চালু করা হবে। আহমেদাবাদ থেকে দিল্লি রুটে প্রথম বুলেট ট্রেন চালু করা হবে।
- সারা দেশের বড় বড় ট্রেন স্টেশনগুলোতে আন্তর্জাতিক মানের খাবার ও ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হবে। মোবাইলে খুদে বার্তা বা টেলিফোনের মাধ্যমে খাবারের ফরমাশ দেওয়া যাবে। চাইলে ট্রেনে বসেই পাওয়া যাবে এসব খাবার।
- রেলবিষয়ক শিক্ষাকে জোরদার করতে ‘রেলওয়ে বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হবে।
- ই-টিকিট ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতি মিনিটে সাত হাজার ২০০ যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন। রেলস্টেশন ও ট্রেনগুলোতে থাকবে ওয়াই-ফাইসহ উন্নত ইন্টারনেট ব্যবস্থা।
- রেলওয়ে কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা তথ্যব্যবস্থায় দেশের সব রেলওয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল অন্তর্ভুক্ত থাকবে।
- রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার ৭৮৫ কোটি রুপি ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হবে। নারীদের নিরাপত্তার জন্য চার হাজার নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। সামগ্রিক রেলওয়ের নিরাপত্তার জন্য ১৭ হাজার রেলওয়ে পুলিশ নিয়োগ দেওয়া হবে।
নতুন বাজেটের অর্থ ব্যয়ে এসব কাজ করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন। তবে এর জন্য নতুন করে কোনো ভাড়া কিংবা চার্জ বাড়বে না বলেও তিনি নিশ্চিত করেছেন।