মোদিই বিজেপির নির্বাচনী নেতৃত্ব পেতে যাচ্ছেন
ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিই আগামী সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্ব পেতে যাচ্ছেন বলে মনে হচ্ছে। চলতি সপ্তাহের শেষে গোয়ায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হতে পারে।পর্যবেক্ষকেরা বলছেন, বিজেপি প্রধান রাজনাথ সিংয়ের বাড়িতে মোদির নায়কোচিত সংবর্ধনা এবং একই দিনে কংগ্রেসের বিরুদ্ধে তাঁর জোরালো বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে তিনি কী দায়িত্ব (মোদি) পেতে যাচ্ছেন। তবে বিষয়টি এখন পর্যন্ত আলাপ-আলোচনার মধ্যে আছে।বিজেপি সূত্র জানিয়েছে, মোদিকেই দলের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান করা হতে পারে, যেমনটা বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে। দলের মধ্যে তাঁকে এখনো কিছু বিরোধিতার মুখে পড়তে হবে। তবে গুজরাটে লোকসভা ও উপনির্বাচনে মোদির অসাধারণ জয়ের ফলে সেই বিরোধীরা এখন অনেক দুর্বল হয়ে পড়েছে।বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি উন্নয়নের জন্য মোদির চেয়ে মধ্য প্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রশংসা পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছিলেন। এর পর আদভানির সঙ্গে বৈঠক করেন মোদি। কিন্তু সবকিছু এখনো অনিশ্চিত। পিটিআই।