মোদিই বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষণার পর নরেন্দ্র মোদি ও রাজনাথ সিং ষ ছবি: রয়টার্স
ঘোষণার পর নরেন্দ্র মোদি ও রাজনাথ সিং ষ ছবি: রয়টার্স

দলের ভেতরে-বাইরে অনেক বিতর্ক আর দেশব্যাপী গুঞ্জনের অবসান ঘটিয়ে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদির নাম ঘোষণা করল ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল শুক্রবার বিজেপির পার্লামেন্টারি বোর্ড এই সিদ্ধান্ত নেয়।
নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলের পার্লামেন্টারি বোর্ডের সভা হয়। এতে চূড়ান্ত সিদ্ধান্তের পর দলীয় প্রধান রাজনাথ সিং প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির নাম ঘোষণা করেন। এর আগে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।’
২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী মোদির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। অভিযোগ রয়েছে, দাঙ্গা দমনে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি। যদিও এই অভিযোগ সব সময় অস্বীকার করে এসেছেন তিনি। গুজরাটের ঈর্ষণীয় অর্থনৈতিক সাফল্যের জন্য মোদি একজন দক্ষ শাসক হিসেবে দেশে প্রশংসা কুড়িয়েছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, দেশের ব্যবসায়ী সমাজের অধিকাংশই রাহুল গান্ধীর বদলে তাঁকেই আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
এল কে আদভানি ও সুষমা স্বরাজের মতো বিজেপির কিছু শীর্ষ নেতা বিতর্কিত মোদিকে দলের প্রধানমন্ত্রী প্রার্থী করার বিরোধী ছিলেন। তবে মোদির পক্ষের শীর্ষ স্থানীয় নেতারা তাঁদের রাজি করানোর তদবির চালিয়ে যান। টাইমস অব ইন্ডিয়া।