ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। বিতর্কিত মোদিকে ‘ধর্মনিরপেক্ষ নেতা’ অভিহিত করে ব্রিটিশ লেবার দলের এমপি ব্যারি গার্ডিনার এই আমন্ত্রণ জানান।
এর মধ্য দিয়ে মোদিকে এক দশক ধরে বর্জনের পর যুক্তরাজ্য তাঁর প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ব্যারি গার্ডিনার লেবার ফ্রেন্ডস অব ইন্ডিয়া সংগঠনের চেয়ারম্যান। লেবার দলের সঙ্গে ভারতের সম্পর্ককে এগিয়ে নেওয়া ও প্রবাসী ভারতীয়দের যুক্তরাজ্যের রাজনীতিতে যুক্ত করা এ সংগঠনের লক্ষ্য।
২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে মোদিকে বর্জন করে যুক্তরাজ্য। ওই সময় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও দাঙ্গা দমনে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে মোদির বিরুদ্ধে।
ব্রিটিশ এমপি ব্যারি গার্ডিনার মোদিকে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। মোদিকে ‘আধুনিক ভারতের ভবিষ্যৎ’ বিষয়ে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদি তাঁর টুইটার পাতায় আমন্ত্রণের জন্য ব্রিটিশ এমপিদের ধন্যবাদ জানিয়েছেন।
মোদিকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করে গার্ডিনার বলেন, ‘মোদি তাঁর প্রজন্মের ভারতীয় রাজনীতিকদের মধ্যে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতা। আর তিনি এমন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে যুক্তরাজ্যের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ভারতের অন্য সব রাজ্যের যৌথ ব্রিটিশ বিনিয়োগের চেয়ে বেশি।’ তিনি বলেন, ‘শুধু বিজেপির রাজনীতি করেন বলেই কি মোদি ধর্মনিরপেক্ষ নন?’
মোদিকে ধর্মনিরপেক্ষ রাজনীতিক অভিহিত করে গার্ডিনার বলেন, গুজরাটের সব সম্প্রদায়ের সমর্থন তিনি পেয়েছেন...বিভিন্ন সময় নির্বাচনে তার প্রমাণও মিলেছে।
মোদির বিরুদ্ধে ২০০২ সালের দাঙ্গাবিষয়ক অভিযোগের বিষয়ে গার্ডিনার বলেন, ‘সুপ্রিম কোর্ট এ পর্যন্ত উত্থাপিত সব অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিয়েছেন।’
গার্ডিনার বলেন, ‘মোদি যে ভারতের রাজনীতিতে প্রভাবশালী একজন নেতা, তা অস্বীকার করার উপায় কারও নেই। তাই নিকট-ভবিষ্যতে ভারতকে তিনি কোন অবস্থায় দেখতে চান, তা জানার আগ্রহ যুক্তরাজ্যসহ ইউরোপীয় দেশগুলোর আছে।’ টাইমস অব ইন্ডিয়া।