মোদিকে নিয়ে পশ্চিমারা কী ভাবছে?

এপ্রিলে অনুষ্ঠেয় ভারতের জাতীয় নির্বাচনে একজন উজ্জ্বল প্রার্থী নরেন্দ্র মোদি। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্য গুজরাটের এই মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা প্রার্টির (বিজেপি) টিকিট নিয়ে লড়ছেন।
নিজ রাজ্যে ব্যাপক জনপ্রিয় হলেও মোদির একপিঠে রয়েছে উগ্র হিন্দু জাতীয়তাবাদের বদনাম, রয়েছে ২০০২ সালের হিন্দু-মুসলিম দাঙ্গার কলঙ্ক। এ কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব টানা কয়েক বছর অভাজন হিসেবে বর্জন করে এসেছে তাঁকে। তবে মোদির আরেক পিঠে রয়েছে বাহবার সিলমোহর, যেখানে তাঁর রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির সুনাম। সব মিলিয়ে মোদি ভারতের সর্বস্তরের মানুষের কাছে নন্দিত ও নিন্দিত এক নেতা।
এ পর্যায়ে মোদিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ঘুরপাক খাচ্ছে চারদিকে। তাঁকে নিয়ে পশ্চিমা বিশ্বের ভাবনা কী? এ ব্যাপারে গতকাল মঙ্গলবার এএফপির এক বিশ্লেষণে অনেক কথাই বলা হয়েছে। এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো।
উগ্র হিন্দু জাতীয়তাবাদের কারণে পশ্চিমা বিশ্বের কাছে বহু বছর মোদি ছিলেন বর্জনের তালিকায়। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনের ‘সম্প্রসারণ নীতির’ও কঠোর সমালোচক তিনি।
মোদির বাণিজ্য-সহায়তা ভূমিকা প্রশংসিত হলেও দায়িত্ব পালন নিয়ে ব্যাপক হতাশা রয়েছে। এর জের ধরে ভারতের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে তিনি কেমন হবেন, তা নিয়ে সংশয় রয়েছে অন্যান্য দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর।
মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী হলেও বেশির ভাগ জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, মোদির বিজেপির কাছে রাহুলের কংগ্রেস পার্টির হারার আশঙ্কা জোরালো। বিশ্লেষকেরা বলছেন, কয়েক সপ্তাহ আগেও যাঁর ওপর আস্থা ছিল না, তাঁর সঙ্গে এখন ওয়াশিংটন কাজ করতে প্রস্তুত।
ওয়াশিংটনে উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসে দক্ষিণ-এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুজেলম্যান বলেন, যুক্তরাষ্ট্র খুব বাস্তববাদী। এ জন্য ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারা মোদিকে দেখতে চায়। মার্কিন-ভারত সম্পর্ক ওয়াশিংটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
২০০২ সালে গুজরাট দাঙ্গার পর থেকে মুখ্যমন্ত্রী ৬৩ বছরের মোদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে কালো তালিকাভুক্ত ছিলেন। ২০১২ সালে যখন ইউরোপের কাছে মনে হয়েছে মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন, তখন থেকে তারা এই নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে।
তবে গত মাসেও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল গুজরাটে মোদির সঙ্গে শীতল আচরণ করেন। পর্যবেক্ষকেরা বলছেন, সম্প্রতি নিউইয়র্কে ভারতীয় এক কূটনীতিককে গ্রেপ্তারের পর তা নিয়ে উদ্বিগ্ন নীতি-নির্ধারকেরা মোদির বিজয় চান না। তাঁরা চান না দুই দেশের সম্পর্কের নতুন করে টানাপোড়েন শুরু হোক।
ভারতের একজন সাবেক কূটনীতিক ললিত মানসিং বলেন, এখানে আসলে সত্যিকারের কোনো হূদ্যতা নেই। কিন্তু ওয়াশিংটন ও মোদি দুই পক্ষই বুঝতে পেরেছে তাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
মানসিং এএফপিকে বলেন, ‘এটি কোনো উষ্ণ সম্পর্কের ইঙ্গিত নয়। এটি হলো স্বাভাবিকতার ইঙ্গিত। যদি তিনি (মোদি) বাণিজ্য-সহায়ক হন, তাহলে ওয়াশিংটন তাঁকে এড়িয়ে যেতে পারবে না। বিশেষ করে আমাদের অর্থনৈতিক মন্দার জন্য।’
মোদির সময়কালে গুজরাটে ব্যাপক বিদেশি বিনিয়োগ হয়েছে। যুক্তরাষ্ট্রের ফোর্ড অ্যান্ড চেভরোলেটের মতো অটো কোম্পানি গুজরাটে তাদের কারখানা খুলেছে।
আবার বিপরীত ঘটনা ঘটেছে। গত ১০ বছরে কংগ্রেস শাসনামলে অনেক মার্কিন প্রতিষ্ঠান ভারতের সঙ্গে ব্যবসা করার চেষ্টা চালিয়ে নিরাশ হয়েছে। কর ও লালফিতার গোলকধাঁধায় ঘুরপাক খেতে হয়েছে তাদের।
যুক্তরাষ্ট্রের একজন কূনীতিকের ফাঁস হয়ে যাওয়া বার্তায় রাহুলকে ‘এম্পটি স্যুট’ বা ‘ফাঁকা পোশাক’ বলে উল্লেখ করা হয়। তিনি নির্বাচনী প্রচারে বিদেশি নীতি বা ব্যবসা নিয়ে খুব কমই বলেছেন।
অন্যদিকে সম্প্রতি মোদি আরও বেশি বিনিয়োগকারী-বান্ধব পরিবেশের ওপর জোর দেন এবং ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ভারতের বৈদেশিক নীতিতে ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা প্রয়োজন।
যুক্তরাষ্ট্র-ভারত বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট রন সমার্স বলেন, গুজরাটে মোদির কর্মকাণ্ডে মার্কিন ব্যবসায়ীরা খুশি। তাই তার ওপর থেকে শীতল অবস্থা সরিয়ে নেওয়ার বিষয়টিকে তারা স্বাগত জানিয়েছে।
১৯৬২ সালে ভারতের সঙ্গে চীনের রক্তাক্ত যুদ্ধ প্রসঙ্গ টেনে সম্প্রতি অরুনাচল প্রদেশে এক ব্রিফিংয়ে মোদি বলেন, চীনের উচিত তাদের সম্প্রসারণ নীতির লাগাম টানা এবং ভারতের কাছ থেকে এই অঞ্চল ছিনিয়ে নেওয়ার চিন্তা না করা।
দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চীনবিষয়ক বিশেষজ্ঞ শ্রীকান্ত কোন্ডপালি বলেন, মোদির লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। যদি জনমতকে তিনি নিজের অনুকূলে নিতে চান, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পুনরায় জাগিয়ে তুলতে হবে।