মোদিকে প্রার্থী করতে বিজেপি-আরএসএস চুক্তি

দলের ভেতরে-বাইরে বিরোধিতার পরও বিতর্কিত নেতা নরেন্দ্র মোদিকেই আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিজেপির আদর্শিক মিত্র সংঘ পরিবার। রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের (আরএসএস) সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ বিষয়ে বিজেপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। আজ সোমবার এ কথা ঘোষণা করা হতে পারে।
বিজেপির সভাপতি রাজনাথ সিং গত শনিবার সন্ধ্যায় আরএসএস-প্রধান মোহন ভগবতের সঙ্গে মোদির প্রার্থিতার বিষয়ে সমঝোতায় পৌঁছান। রাজনাথ সিং প্রথম দিকে প্রধানমন্ত্রী পদে মোদির প্রার্থিতার ব্যাপারে আপত্তি তুলেছিলেন। তবে পরে তিনি তাঁর অবস্থান বদল করেন।
রাজনাথ সিং ও মোহন ভগবতের মধ্যে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনায় একটি ‘রূপরেখা’ তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে আরএসএস ও বিজেপির মধ্যে সমন্বয় বৈঠক দুই দিন ধরে চলবে। বৈঠক শেষ হওয়ার পর সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্র জানিয়েছে, নয়াদিল্লিতে দুই দিনের বিজেপি-আরএসএস বৈঠকে অংশ নিতে মোদি হাজির হয়েছেন। তিনিও শনিবার সন্ধ্যার আলোচনার সময় উপস্থিত ছিলেন। দুই দিনের বৈঠকে অংশগ্রহণকারী অন্যদের মধ্যে রয়েছেন আরএসএসের মহাসচিব সুরেশ ‘ভাইয়াজি’ জোশি ও যুগ্ম মহাসচিব সুরেশ সনির মতো জ্যেষ্ঠ নেতারাও। টাইমস অব ইন্ডিয়া।