মোদিকে সন্তুষ্টির কথা লিখে নওয়াজের চিঠি

সাম্প্রতিক ভারত সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি এই সন্তুষ্টির কথা জানান। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
ভারতে পাকিস্তানের হাইকমিশনের পক্ষ থেকে নওয়াজ শরিফের লেখা এই চিঠি মোদির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। শরিফ লিখেছেন, ‘দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের যে মতবিনিময় হয়েছে, তা থেকে আমি অনেক সন্তুষ্টি নিয়ে ফিরেছি।’
শরিফ তাঁর চিঠিতে বলেছেন, ‘দুই দেশের স্বার্থে অমীমাংসিত বিষয়ে একমত হয়ে কাজ করার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আশা করি, আমাদের এ প্রচেষ্টা দুই দেশের উজ্জ্বলতর ভবিষ্যতের ভিত গড়ে দেবে।’
গত সপ্তাহে নাম প্রকাশ না করা পাকিস্তান মুসলিম লিগ (এন) একজন নেতার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, মোদির সঙ্গে বৈঠকে নওয়াজ শরিফ তেমন সন্তুষ্ট হতে পারেননি। যদিও ইসলামাবাদ বলছে, আলোচনা প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে।
আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এই দুই নেতা আলাদা বৈঠক করতে পারেন।