মোদিকে সমর্থন রাজ থাকরের
মহারাষ্ট্রে একেবারে আচমকাই নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে। আজ রোববার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ থাকরে জানিয়ে দেন, লোকসভা ভোটে তাঁরা লড়লেও তাঁদের জয়ী সাংসদেরা দেশের প্রধানমন্ত্রী পদে বিজেপির নরেন্দ্র মোদিকে সমর্থন করবেন।
রাজ থাকরের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কড়ি। তবে তিনি বলেছেন, শিবসেনার সঙ্গে বিজেপির যে জোট রয়েছে, তা অটুট থাকবে।
শিবসেনা ভেঙে এমএনএসের জন্ম এবং প্রধানত মুম্বাই ও তার আশপাশের অঞ্চলে রাজ থাকরের এই দলের প্রভাব অস্বীকার করা যায় না। বরং মুম্বই পুরসভার গত ভোটে শিবসেনার প্রাধান্যে এমএনএস বেশ ভালো রকম থাবা বসিয়েছিল। এবার বিজেপি চাইছিল না এমএনএস লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুক। সে জন্য রাজ্য বিজেপির শীর্ষ নেতারা রাজ থাকরের সঙ্গে কথাও বলছিলেন। কিন্তু বিজেপিকে হতাশ করে রাজ থাকরে ঘোষণা করেন, ভোটে তাঁরা সাতটি আসনে লড়বেন তবে তাঁরা প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন করবেন।
থাকরের এ ঘোষণা একদিক থেকে বিজেপির পক্ষে যেমন চিন্তার, অন্যদিক থেকে তেমন মোদির ‘গ্রহণযোগ্যতা’র আরও একটা উদাহরণ। চিন্তা এই কারণে যে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে এমএনএস প্রার্থী না দিলেও তারা যে বিজেপির জোট সঙ্গী শিবসেনার বিরুদ্ধে প্রার্থী দেবে না সেই প্রতিশ্রুতি দেয়নি। বিজেপি মনে করছে, এই ভোট ভাগাভাগিতে আখেরে তাদেরই ক্ষতি। মহারাষ্ট্রের রাজনীতিতে থাকরে-ভাইদের মধ্যে যে লড়াই চলছে, তাতে কাদের দিকে পাল্লা ভারী তা এবারের ভোটে আরও একবার বোঝা যাবে। এই লড়াই বিজেপি চাইছিল না বলেই রাজ্যের সঙ্গে তারা ঘরোয়া কথা চালাচ্ছিল। বিজেপি এখনো চাইছে, শিবসেনার বিরুদ্ধে না দাঁড়িয়ে এমএনএস যেন কংগ্রেস বা এনসিপি প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়ায়। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে। বিজেপির সেই ইচ্ছা রাজ থাকরে পূরণ করেননি। ছয়টি আসনে শিবসেনার বিরুদ্ধে প্রার্থী দিলেও একটি আসনে বিজেপির বিরুদ্ধেও তারা লড়াই করবে। তবে শেষ পর্যন্ত যাই হোক, এমএনএসের এই সিদ্ধান্ত ভবিষ্যতে মহারাষ্ট্রে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা খুলে দিল। নরেন্দ্র মোদির কাছেও এই সিদ্ধান্ত শ্লাঘার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ, রামবিলাস পাসোয়ানের পর রাজ থাকরের সমর্থন তাঁর গ্রহণযোগ্যতার আরও এক প্রমাণ।
কংগ্রেসের প্রার্থীর তালিকা
কংগ্রেস দীর্ঘ টালবাহানা শেষে গতকাল শনিবার রাতে সারা দেশে বিভিন্ন রাজ্যের মোট ১৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এই তালিকায় উত্তর প্রদেশের রায়বেরিলি থেকে সোনিয়া গান্ধী, আমেঠি থেকে রাহুল গান্ধী, কানপুর থেকে কেন্দ্রীয় মন্ত্রী কয়লা কেলেঙ্কারিতে নাম জড়ানো শ্রীপ্রকাশ জয়সোয়াল, ফারুকাবাদ থেকে বিদেশ মন্ত্রী সালমান খুরশিদ, ফুলপুর থেকে সাবেক টেস্ট ক্রিকেটার মহম্মদ কায়েফ রয়েছেন। বিহারের সাসারাম কেন্দ্রে লোকসভার স্পিকার মীরা কুমার। কর্ণাটকের রাজধানী বাঙ্গালোর (উত্তর) থেকে সুযোগ পেলেন নন্দন নিলেকেনি, যিনি বড় বেসরকারি চাকরি ছেড়ে নাগরিকদের অভিন্ন পরিচয়পত্র (আধার কার্ড) তৈরির দায়িত্ব নেন। রেলমন্ত্রী মল্লিকার্জুন খাগড়ে গুলবর্গা খেকে। মহারাষ্ট্রেও পরিচিত মুখের ভিড়। যেমন, মুম্বই (উত্তর-মধ্য) থেকে প্রিয়া দত্ত, সোলাপুর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল সিন্ডে। মধ্য প্রদেশেও পরিচিত মুখের সারি। যেমন, গুনা কেন্দ্র থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ছিন্দওয়াড়া থেকে কমলনাথ। পশ্চিমবঙ্গ থেকে ১৮ জনের নাম জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপা দাসমুন্সি (রায়গঞ্জ), মৌসম নূর (মালদহ উত্তর), আবু হাসেম খান চৌধুরী (মালদহ দক্ষিণ), অধীর চৌধুরী (বহরমপুর) ও সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে তিনি লড়ছেন কলকাতা উত্তর থেকে।
তালিকা ঘোষণার পরে কংগ্রেস নেতার বিজেপিতে যোগ
কংগ্রেসের তালিকা সেই অর্থে চমকহীন। চমক দেখা দিল তালিকা প্রকাশের ১২ ঘণ্টা পর। আজ সকালেই সংবাদ সম্মেলন ডাকেন মধ্যপ্রদেশের ভিন্দ কেন্দ্রের কংগ্রেস নেতা সাবেক আইএএস অফিসার ভগীরথ প্রসাদ। আগের রাত শনিবারে ভিন্দ আসনের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষিত হয়। রাত পোহাতেই তিনি বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেন। হতচকিত কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং শুধু বলেন, ‘উনি বিজেপিতে যাবেন সেটা তালিকা ঘোষণার আগেই বলতে পারতেন!’