পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই খালিস্তানপন্থী সন্ত্রাসবাদীদের দিয়ে নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করছে বলে সতর্ক করে দিয়েছে ভারতের গোয়েন্দারা। এই সতর্কতার পর গুজরাটের মুখ্যমন্ত্রীর জন্য কেন্দ্রীয় সরকার কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে।
ভারতের আগামী সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি। তাঁর নিরাপত্তা জোরদার করে এখন তিন স্তরের বেষ্টনী, বিশেষ নিরাপত্তা মহড়া, আগাম নিরাপত্তা সমন্বয় ইত্যাদি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) সূত্র বলেছে, পাকিস্তানভিত্তিক খালিস্তানিদের দিয়ে মোদির ওপর হামলা চালানোর ছক কষছে আইএসআই। উল্লেখ্য, শিখদের একাংশ তাদের জন্য ভারতের পাঞ্জাবে খালিস্তান নামের একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম করেছিল। কেন্দ্রীয় সরকার কঠোর হাতে সে আন্দোলন দমন করার পর খালিস্তানপন্থী শিখ নেতাদের অনেকে পাকিস্তানে আশ্রয় নেন। ভারতের অভিযোগ, পাকিস্তান ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে মদদ দিত। টাইমস অব ইন্ডিয়া।