মোদিকে হিটলারের সঙ্গে তুলনা রাহুলের

নরেন্দ্র মোদিকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার গুজরাটে একটি জনসভায় মোদির কঠোর সমালোচনা করেন রাহুল।
গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী। বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল। মোদির বিরুদ্ধে কৃষকের জমি চুরিরও অভিযোগ এনেছেন তিনি।
মোদির নাম উল্লেখ না করে তাঁকে ইঙ্গিত করে রাহুল বলেন, কংগ্রেসের সদস্যরা মহাত্মা গান্ধীকে অনুসরণ করেন। জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের বাড়িতে যান। বাকি নেতারা হিটলারের মতো। হিটলার বিশ্বাস করতেন, জনগণের কাছ থেকে শেখার কিছুই নেই। জার্মানিতে যা কিছু হয়েছে, সবকিছুই তাঁর করা।’
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থীর উদ্দেশে রাহুল বলেন, ‘এই মানুষটি জনগণকে বলেন, তাঁকে দেশের চৌকিদার বানালে দুর্নীতি দূর হবে। যে লোক গুজরাটের কৃষকের জমি চুরি করেছেন এবং তা পছন্দের শিল্পপতিদের উপহার দিয়েছেন, তিনি কীভাবে ভারতের চৌকিদার হবেন? চোরকে চৌকিদার কীভাবে বানাব?’
রাহুলের এই বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র রবিশংকর প্রসাদ সাংবাদিকদের বলেছেন, রাহুলের এসব বক্তব্য সত্তরের দশকের। ২০১৪ সালে এই বক্তব্যের কোনো প্রাসঙ্গিকতা নেই।