মোদিকে 'নির্দোষ' ছাড়পত্র দিচ্ছে পুলিশ?
গুজরাট পুলিশের এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মোদি গান্ধীনগরে ভোট দেওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন ফিতা দিয়ে ঘেরা জায়গার বাইরে। তার অর্থ, তিনি নিয়ম লঙ্ঘন করেননি।
গুজরাটের রাজধানী গান্ধীনগরে গত বুধবার ভোট দেওয়ার পর বুথের কাছাকাছি গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিপাকে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।
পুলিশের বক্তব্য প্রচারিত হওয়ার পর কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল বলেন, ‘আমি মনে করি না যে গুজরাট পুলিশ কাউকে নির্দোষ ছাড়পত্র দিয়েছে...আইন কী কেবল আমাদের মতো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য।?’
‘মোদির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নেই’: নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন, এ ধরনের সম্পর্কের খবর ‘ভিত্তিহীন ও হাস্যকর’। গতকাল ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব প্যাটেল এ কথা বলেন। মোদি ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতীতে প্যাটেলের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে প্যাটেল বলেন, ‘মোদি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি কখনো তাঁর বাসভবন বা কার্যালয়ে গিয়েছি, এটা প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেব আমি।’ এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।