মোদিকে 'হিটলার' বলায় অভিনেতা চিরঞ্জীবীকে ডিম
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ‘হিটলার’ ও ‘জালিম’ বলার পর ডিম নিক্ষেপ করা হয়েছে অভিনেতা ও কংগ্রেসনেতা কেন্দ্রীয় মন্ত্রী কে চিরঞ্জীবীকে। অন্ধ্র প্রদেশের মাসিলিপত্তম শহরে গত শুক্রবার এক সমাবেশে এ ঘটনা ঘটে।
চিরঞ্জীবী অন্ধ্রপ্রদেশ রাজ্য কংগ্রেসের নির্বাচনী প্রচার কমিটির প্রধান। তিনি শহরে কনেরু সেন্টারে একটি সমাবেশে বক্তৃতাকালে বলেন, ‘মোদি একজন জালিম, তিনি একজন হিটলার। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের জ্যেষ্ঠ নেতা সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ি এবং লালকৃষ্ণ আদভানির মতো নেতাদের পাশে সরিয়ে নিজে নেতৃত্বে এসেছেন।’
এই মন্তব্যের পর সমাবেশে আগতদের মধ্য থেকে এই অভিনেতাকে ডিম ছুড়ে মারা হয়। তখন তিনি বক্তৃতা বন্ধ করে দেন। তবে পুলিশ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। এরপর আবার বক্তৃতা করেন চিরঞ্জীবী।
চিরঞ্জীবী বলেন, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। কংগ্রেসমুক্ত ভারত এখন সময়ের ব্যাপার মাত্র—নরেন্দ্র মোদির এই মন্তব্যের জবাবে চিরঞ্জীবী বলেন, এই দেশ থেকে কেউ কংগ্রেসকে উচ্ছেদ করতে পারবে না। পিটিআই।