মোদিতে ঝোঁক নতুন ভোটারদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে জয়-পরাজয়ের নির্ধারক হতে পারেন নতুন ভোটাররা। তাঁরা যেদিকে ঝুঁকবেন, সেদিকেই জয়ের পাল্লা ভারী হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজধানী নয়াদিল্লিতে দেখা গেছে, নতুন ভোটারদের বড় একটা অংশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ নরেন্দ্র মোদি।
দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতুলিয়া ত্রিবেদি এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তিনি বলেন, ‘যোগ্য প্রার্থীদের নিয়ে কলেজে ও শিক্ষকদের সঙ্গে প্রতিদিন আমাদের আলোচনা হয়। সেখানে আমাদের ভোটদানে উৎসাহিত করা হয়। আমি মনে করি, ভারতের একজন শক্তিশালী ও ত্যাগী নেতা প্রয়োজন।’
দিল্লির মোট এক কোটি ২৭ লাখ ভোটারের মধ্যে তিন লাখ ৩৭ হাজার ভোটারই এবার প্রথমবারের মতো নিবন্ধিত হয়েছেন। তরুণ ভোটারদের অনেকেই নিশ্চিত বিজেপিই ক্ষমতায় আসছে।
তুঘলাকাবাদের প্রকৌশল শিক্ষার্থী গৌরব লাল বলেন, কেবল তরুণেরাই যে বিজেপিকে সমর্থন করছেন তা নয়। প্রত্যেকেই মনে করছেন, মোদি প্রধানমন্ত্রী হবেন। তাঁর মতোই একজন নেতা প্রয়োজন বলে মনে করছে নতুন প্রজন্ম।
তবে নতুন ভোটারদের কেউ কেউ মনে করছেন, আম আদমি পার্টিও সরকার গঠনের দাবি রাখে। সুলতানপুরির সারভোদায়া কানিয়া বিদ্যালয়ার ছাত্রী প্রীতি (১৮) বলেন, ‘এটা খুবই ভালো যে আমি যখন ভোট দিতে যাচ্ছি, তখন একটি তৃতীয় দলকে বিবেচনায় নেওয়ার সুযোগ পাচ্ছি। প্রার্থীরা খারাপ হওয়া সত্ত্বেও বছর বছর ধরে ভোটারদের বিজেপি বা কংগ্রেসকেই রায় দিতে হয়েছে।’
বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে দুর্নীতি কমে এসেছিল। অনেকেই বলছেন, সাধারণ নির্বাচনের গল্প পরিবর্তন হওয়ার দরকার।
তবে মাইয়ুর বিহারের শিক্ষার্থী শিভাঙ্গি নাথানি (২১) বলেন, ‘এটাই আমার প্রথম লোকসভা ভোট। আমার মনে হয়, নরেন্দ্র মোদি কেবল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্যই লড়াই করছেন। তবে তার মানে এই নয় যে আম আদমি পার্টি যোগ্য বিকল্প। তাদের আরও পাঁচ বছর পর জাতীয় রাজনীতি নিয়ে ভাবা উচিত।’ হিন্দুস্তান টাইমস।