মোদির আসনে কেজরিওয়াল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী ও গুজরাটের মুখমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল।
মোদি উত্তর প্রদেশের বারানসিতে নির্বাচন করছেন, এমন ঘোষণা আসার পরদিনই তাঁর বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিলেন দুর্নীতিবিরোধী আন্দোলনের এই কর্মী। বিজেপি গত শনিবার আনুষ্ঠানিকভাবে জানায়, আসন্ন লোকসভা নির্বাচনে বারানসি আসন থেকে নির্বাচন করবেন মোদি।
কেজরিওয়ালের দল এএপির নেতারা আগে থেকেই বলে আসছিলেন, মোদি গুজরাট ছাড়া অন্য কোথাও নির্বাচন করলে বিজেপির এই নেতার সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন কেজরিওয়াল।

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

মোদির নির্বাচনী আসন ঘোষণার পরদিন গতকাল রোববার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এক সমাবেশে কেজরিওয়াল বলেন, ‘বারানসির জনগণ যদি চায়, আমি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমি তা সাদরে গ্রহণ করব।’
গতকালই খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় কেজরিওয়াল বলেন, ‘অনেকেই জানতে চাচ্ছেন, আমি বারানসি থেকে প্রার্থী হব কি না। আজই বিষয়টি নিয়ে কথা বলব আমি।’ এদিকে ২৩ মার্চ উত্তর প্রদেশের বারানসিতে সমাবেশ করার কর্মসূচি দিয়েছে এএপি।
নির্বাচনে কেজরিওয়াল কোন আসন থেকে প্রার্থী হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি। এর আগে এএপির নেতা যোগেন্দ্র যাদব বলেন, মোদি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন, সেদিকেই তাকিয়ে আছেন তাঁরা। এনডিটিভি।