মোদির এলেম স্বীকার করে ঝড় তুললেন চিদাম্বরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পি চিদাম্বরম
পি চিদাম্বরম

দিল্লি দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে বলা কঠিন হলেও বিজেপির প্রধানমন্ত্রিত্বের দাবিদার নরেন্দ্র মোদির এলেম স্বীকার করে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেস নেতাদের বিস্মিত করে তিনি বলেছেন, নরেন্দ্র মোদি দলীয় কর্মীদের এককাট্টা করে ফেলেছেন।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিলনাড়ুর এই রাজনীতিক বলেছেন, ‘মোদির জনপ্রিয়তা ও সমর্থন দিনদিন বাড়ছে কিনা বলতে পারব না। তবে এটা ঠিক, বিজেপির নেতাদের মধ্যে বিভাজন থাকলেও মোদি দলের কর্মী-সমর্থকদের একজোট করে ফেলেছেন।’
ভারতের লোকসভা নির্বাচনের এখনো মাস ছয়েক দেরি থাকলেও মোদিকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে বিতর্ক ও আগ্রহ দেখা দিয়েছে, চিদাম্বরমের এই মন্তব্য তাতে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে। বিশেষত কংগ্রেসের একাংশ যখন মনে করছে, মোদির প্রশংসা করে চিদাম্বরম কার্যত তাঁর কৃতিত্বকেই মান্যতা দিলেন।
চিদাম্বরমের এই মন্তব্যে গুজরাটের প্রদেশ কংগ্রেস সভাপতি অর্জুন মোধওয়াড়িয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘কেউ কেউ দিল্লি বসে রাজ্যের বাস্তবতা না জেনেই মোদিকে সার্টিফিকেট দিচ্ছেন! অথচ মোদির দলের নেতারাই বলছেন, তিনি গুজরাটে দলটাকে শেষ করেছেন, এবার গোটা দেশেও বিজেপির বারোটা বাজাবেন।’ দিল্লিতেও কংগ্রেসের এক শীর্ষ নেতা মঙ্গলবার বিস্ময় প্রকাশ করে বলেছেন, চিদাম্বরম রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সিদ্ধান্তেরই জয়গান করলেন। কারণ, সংঘ মনে করে, বর্তমান পরিস্থিতিতে একমাত্র মোদির পক্ষেই দলকে একজোট করা সম্ভব। তাই শরিক সংযুক্ত জনতা দলের বিদ্রোহ এবং লালকৃষ্ণ আদভানির মতো নেতা ও তাঁর অনুগামীদের আপত্তিকে উপেক্ষা করে সংঘ মোদিকেই তুলে ধরেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলের আরেক নেতার কথায়, চিদাম্বরমের এই মন্তব্য মোদি ও বিজেপিকে মানসিকভাবে একধাপ এগিয়ে দিল।
চিদাম্বরম অবশ্য এই সাক্ষাৎকারে মোদির মাহাত্ম্য প্রচার করেননি। বরং তিনি বলেছেন, মোদিকে নিয়ে মানুষ উদ্বিগ্ন নন এমন মনে করাটা ভুল হবে। তাঁর অতীত, তাঁর নীতি, তাঁর অবস্থান নিয়ে মানুষ প্রশ্ন তুলছে না একথাও ঠিক নয়।