মোদির টুইটার বন্ধু আবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (বাঁয়ে) ও ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। ছবি: ইকোনোমিকটাইমস.ইন্ডিয়াটাইমস ডট কম
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (বাঁয়ে) ও ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে)। ছবি: ইকোনোমিকটাইমস.ইন্ডিয়াটাইমস ডট কম

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের টুইটারে মাত্র তিনজন বন্ধু রয়েছেন। এর মধ্যে একজন তাঁর স্পষ্টবাদী স্ত্রী আকি আবে, দ্বিতীয়জন অর্থ কেলেঙ্কারিতে কলঙ্কিত রাজনীতিবিদ নাওকি ইনোসে এবং শেষের জন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি আর আবে এই দুই নেতাই ক্ষমতায় এসেছেন দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে।
মোদি নির্বাচিত হওয়ার পর বিদেশি অনেক নেতাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর বেশ কিছু জবাবও তিনি দিয়েছেন। এর মধ্যে টুইটারে জাপানের প্রধানমন্ত্রীকে মোদি লেখেন, ‘ব্যক্তিগতভাবে জাপানের সঙ্গে আমার কাজ করার চমত্কার অভিজ্ঞতা রয়েছে...আমি নিশ্চিত যে ভারত ও জাপানের সম্পর্ক আমরা নতুন উচ্চতায় নিয়ে যাব।’
মোদির এই জবাবে আবেও খুব খুশি। গত মঙ্গলবার তিনি তাঁর অ্যাকাউন্ট থেকে মোদিকে লেখেন, ‘আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। টোকিওতে আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় আমি। আশা করি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।’
অবকাঠামোগত প্রকল্প, বাণিজ্য ও প্রতিরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সূত্র ধরে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও জাপানের মধ্যে সুসম্পর্ক ক্রমে জোরদার হয়েছে। চীন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন শীর্ষ দেশগুলোর মধ্যে জাপানের অবস্থান ১৩তম।

সরকারি তথ্যমতে, ২০১২-১৩ সালে ভারত-জাপানের মধ্যে এক হাজার ৮৫০ কোটি ডলারের ব্যবসা হয়েছে। অথচ এর দুই বছর আগে এই অর্থের পরিমাণ ছিল এক হাজার ৩৭০ কোটি ডলার। চীনের সঙ্গে ২০১২-১৩ সালে ভারতের বাণিজ্যিক লেনদেন ছয় হাজার ৫৮০ কোটি ডলারের।

গত জানুয়ারিতে আবে ভারত সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর চুক্তি হয়। মোদির উপদেষ্টারা মনে করেন, আগামী সোমবার নরেন্দ্র মোদি ক্ষমতা নেওয়ার পর অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাবে।

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদি ২০০৭ ও ২০১২ সালে জাপান সফরকালে আবের সঙ্গে সাক্ষাত্ করেন। তখন অবশ্য আবে ছিলেন বিরোধীদলীয় নেতা। পরের বছর আবে ক্ষমতা গ্রহণের পর মোদি তাঁকে অভিনন্দন জানান।

ভারতের নিরাপত্তাবিষয়ক বিশ্লেষক ব্রহ্মা চালেনি মন্তব্য করেন, ‘মোদির বিজয়ের মধ্য দিয়ে জাপান-ভারতের সম্পর্ক নতুন মাত্রা পাবে। এশিয়ার দ্রুত উন্নয়নশীল এই দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে ভারতের মূল লক্ষ্য হবে ‘লুক ইস্ট’ কৌশল অবলম্বন করা।’ রয়টার্স।