মোদির দুঃখপ্রকাশ চান না সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদাবাদে মোদির সঙ্গে ঘুড়ি উৎসবে সালমান।
আহমেদাবাদে মোদির সঙ্গে ঘুড়ি উৎসবে সালমান।

বলিউড অভিনেতা সালমান খান বলেছেন, ২০০২ সালের দাঙ্গার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির দুঃখ প্রকাশের প্রয়োজন নেই। কারণ, আদালতই তাঁকে শ্বেতপত্র দিয়েছেন। তাই বলে যে তিনি তাঁকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিচ্ছেন, তা নয়।

‘হেডলাইনস টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে সাল্লু খ্যাত এই অভিনেতা এমন মন্তব্য করেন বলে আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়।

গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে সালমানের মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেছেন, ‘গুজরাটের দাঙ্গা ক্ষমার অযোগ্য ও ভুলবার নয়।’

দাঙ্গায় গুজরাটের মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ টেনে সালমান বলেন, ‘দায়ী না হয়েও কেন মোদি দুঃখ প্রকাশ করবেন? তিনি যদি দায়ীই হতেন, তাহলে আদালত কেন তাঁকে নিষ্কৃতি দিয়েছেন। কেন তাঁর কিছুই হয়নি?’

প্রধানমন্ত্রী পদে কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান সালমান। তবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে যোগ্যতম কোনো ব্যক্তির নাম নিতে চাই না। কারণ, আমি চাই না আমার মতামত ভারতের লাখ লাখ ভক্তকে প্রভাবিত করুক।’

নিজের ছবি ‘জয় হো’-এর প্রচারের জন্যই সম্প্রতি তিনি গুজরাটে গিয়েছিলেন বলে দাবি করেন সালমান। তিনি বলেন, মোদিকে সমর্থন দিতে সেখানে যাননি তিনি। গুজরাট সফরের সময় আহমেদাবাদে মোদির সঙ্গে ঘুড়ি উত্সবে অংশ নেন সালমান। এরপর এই বলিউড অভিনেতা বলেন, ‘নরেন্দ্র মোদি মস্ত মানুষ।’

‘হেডলাইনস টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেছেন, মোদি খুবই সংস্কৃতিমনা মানুষ। তাঁর সঙ্গে (গুজরাটে) আমার খুব ভালো সময় কেটেছে। গুজরাটের উন্নয়ন ও আমার সঙ্গে থাকা নারীদের প্রতি তাঁর মূল্যায়ন দেখে আমি অভিভূত।

২০০২ সালে গুজরাট দাঙ্গায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। ওই দাঙ্গায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার অভিযোগ রয়েছে। তবে ২০১২ সালে বিচার বিভাগীয় তদন্ত দল ওই ঘটনায় তাঁকে অব্যাহতি দেয়।