মোদির পক্ষ নেওয়ায় সালমানকে বর্জনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

গুজরাটে ২০০২ সালের দাঙ্গার জন্য মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির দুঃখ প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করায় বলিউড অভিনেতা সালমান খানকে বর্জনের আহ্বান জানিয়েছেন দেশটির একদল মুসলিম নেতা। তবে কোনো কোনো মুসলিম নেতা এই আহ্বান ভালোভাবে নেননি।

গতকাল সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মোদির পক্ষ নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সালমানকে বর্জনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মুসলিম নেতারা।

অল ইন্ডিয়া উলেমা কাউন্সিলের সদস্য মৌলানা ইজাজ কাশ্মীরি বলেছেন, সালমানের ওই বিবৃতি উসকানিমূলক ও দুঃখজনক। এটা মুসলমানদের আবেগকে আঘাত করেছে। মন্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত মুসলমান সম্প্রদায়ের উচিত এই অভিনেতার উপস্থিতি, ভবিষ্যত্ ছবি ও তাঁর সমর্থিত পণ্য বর্জন করা। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইমামদের একটি সংগঠনের নেতা মৌলানা খলিলুর রহমান নুরি বলেছেন, ‘মুসলমান ও ধর্মনিরপেক্ষ ভোটারদের মধ্যে ভাবমূর্তি উন্নয়নে সবকিছুই করতে পারেন মোদি। কিন্তু সালমান কি দাঙ্গা-আক্রান্ত নারী ও শিশুদের যন্ত্রণা অনুভব করছেন? আক্রান্তদের পুনর্বাসনে তিনি কী করেছেন?’
তবে কিছু মুসলিম নেতা সালমানকে বর্জনের এই আহ্বান ভালোভাবে নেননি।
গত সপ্তাহে ‘হেডলাইনস টুডে’কে দেওয়া এক সাক্ষাত্কারে সাল্লুখ্যাত এই অভিনেতা বলেন, দায়ী না হয়েও কেন মোদি দুঃখ প্রকাশ করবেন? তিনি যদি দায়ীই হতেন, তাহলে আদালত কেন তাঁকে নিষ্কৃতি দিয়েছেন। কেন তাঁর কিছুই হয়নি? তাই মোদির দুঃখ প্রকাশের প্রয়োজন নেই। কারণ আদালতই তাঁকে নিষ্কৃতি দিয়েছেন।
এর আগে নিজের ছবি ‘জয় হো’-এর প্রচারের জন্য গুজরাটে গিয়েছিলেন সালমান। গুজরাট সফরের সময় আহমেদাবাদে মোদির সঙ্গে ঘুড়ি উত্সবে অংশ নেন তিনি। এরপর এই বলিউড অভিনেতা বলেন, ‘নরেন্দ্র মোদি মস্ত মানুষ।’
২০০২ সালে গুজরাট দাঙ্গায় সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। ওই দাঙ্গায় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার অভিযোগ রয়েছে। তবে ২০১২ সালে বিচার বিভাগীয় তদন্ত দল ওই ঘটনায় তাঁকে অব্যাহতি দেয়।