মোদির প্রতি লতার সমর্থন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরবর্তী প্রধানমন্ত্রী পদে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদিকে সমর্থন করেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল শুক্রবার দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুনেতে লতার বাবা দীননাথ মঙ্গেশকরের নামে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করতে যান নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে মোদির প্রতি সমর্থন জানান লতা। এ সময় লতার সঙ্গে ছিলেন তাঁর ভাই হূদয়নাথ মঙ্গেশকর এবং তিন বোন মীনা, আশা এবং উষা মঙ্গেশকর।
এই অনুষ্ঠানে লতা মঙ্গেশকর তাঁর ভাষণে মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রতিটি ভারতবাসী চান মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে। আমিও তা-ই চাই। মোদি প্রধানমন্ত্রী হলে আমিও খুশি হব।’
অনুষ্ঠানে মোদি বলেন, ‘লতাজি যেদিন আমাকে এই হাসপাতাল উদ্বোধনের চিঠি পাঠান, সেদিন সেই চিঠি পেয়ে আমি মুগ্ধ হয়ে যাই। আমাদের জীবনের অন্যতম সেরা উপহার এই চিঠি।’