মোদির প্রতিদ্বন্দ্বী হতে পারেন কেজরিওয়াল
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির প্রতিদ্বন্দ্বী হতে পারেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
ওই সূত্রটি জানায়, নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসী আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে সেখানে তাঁর বিপক্ষে লড়বেন কেজরিওয়াল।
অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লিতে বিজেপির টিকিটে লড়বেন সাবেক আইপিএস কর্মকর্তা কিরণ বেদী। কিরণ বেদী অরবিন্দ কেজরিওয়ালের সহযোদ্ধা হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন।
সম্প্রতি কেজরিওয়াল কানপুরের এক সমাবেশে বলেছিলেন, আম আদমি পার্টি এবারের লোকসভা নির্বাচনে অন্তত ১০০টি আসনে জিতবে। আর আম আদমি পার্টির সমর্থন ছাড়া কেন্দ্রে কোনো দল বা জোটের সরকার গড়া সম্ভব হবে না। তিনি আরও বলেন, কংগ্রেসের চেয়ে বেশি আসন পেয়ে জিতবে তাঁদের দল এএপি।
ভারতের লোকসভা নির্বাচন দ্বারপ্রান্তে। দু-একদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচনের দিনক্ষণ। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে এই লোকসভা নির্বাচন। এবারের নির্বাচন সর্বাধিক সাত পর্বে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৯ সালের নির্বাচন হয়েছিল পাঁচ দফায়। বিভিন্ন রাজনৈতিক দলও প্রায় চূড়ান্ত করে ফেলেছে প্রার্থী তালিকা।