মোদির প্রথম সফর ঢাকায়, তিস্তা চুক্তির সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য ঢাকাকে বেছে নিতে পারেন। একই সঙ্গে মোদির ওই সফরের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত তিস্তা পানির চুক্তি হতে পারে। 
আজ বৃহস্পতিবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ সংবাদপত্র তাদের শীর্ষ প্রতিবেদনে এ দাবি করেছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে নয়নিমা বসু প্রতিবেদনটি করেছেন।
কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়, সম্প্রতি মোদির সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ হয়েছে। ওই আলাপে এ বিষয়টি আলোচিত হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশ বেছে নেওয়ার অনুরোধ জানান শেখ হাসিনা। একই সঙ্গে ঢাকাকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে বিবেচনারও অনুরোধ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। 
সূত্র জানায়, দুই নেতার টেলিফোন আলাপের একটি বড় অংশ জুড়ে ছিল তিস্তা পানি চুক্তির বিষয়টি। শেখ হাসিনাকে মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ‘বাস্তবানুগ ও তাত্পর্যপূর্ণ’ পদক্ষেপ নেবেন তিনি। 

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে পরাজিত কংগ্রেসের নেতৃত্বাধীন তত্কালীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ষোড়শ লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই বিজেপির প্রধানমন্ত্রী মোদি অবশ্যই মমতাকে এ বিষয়ে রাজি করাতে পারবেন।
সূত্রের বরাতে ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ দাবি করেছে, রাজ্যের উন্নয়নে অর্থনৈতিক প্যাকেজ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে তিস্তা চুক্তিতে রাজি করাতে সক্ষম হতে পারেন। প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে তিস্তা পানি ভাগাভাগিতে সিকিমের মুখ্যমন্ত্রীকেও রাজি করাতে পারেন তিনি।
‘বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সুসম্পর্ক স্থাপনে মোদির প্রথম পদক্ষেপ হতে পারে তিস্তা পানির চুক্তি।
২৬ মে সোমবার সন্ধ্যা ছয়টায় ভারতের রাষ্ট্রপতি ভবনের বিশাল আঙিনায় দেশ-বিদেশের অন্তত তিন হাজার আমন্ত্রিত ব্যক্তির সামনে নরেন্দ্র দামোদারদাস মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। একই সঙ্গে শপথ নেবেন তাঁর মন্ত্রিসভার অন্তত ৩০ জন সদস্য।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্ক সদস্যভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
চার দিনের পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে জাপান যাচ্ছেন। এ জন্য মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার যাবেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি গতকাল দিল্লিকে নিশ্চিত করা হয়েছে।

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ সংবাদপত্রের আজকের শীর্ষ প্রতিবেদন।
ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাবিষয়ক ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ সংবাদপত্রের আজকের শীর্ষ প্রতিবেদন।

শিরীন শারমিন চৌধুরী গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ২৫ মে দিল্লি যাচ্ছি। ২৮ মে ঢাকায় ফিরব। দিল্লিতে অবস্থানের সময় শপথ অনুষ্ঠান ছাড়াও একাধিক রাজনৈতিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এর আগে এভাবে কখনো এত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। সেদিক থেকে মোদির এই পদক্ষেপ রাজনৈতিক ও কূটনৈতিক দুই দিক থেকেই চমকপ্রদ ও অর্থবহ।
ভারতের সাবেক কূটনীতিকেরাও মোদির এই আমন্ত্রণকে ‘অভিনব ও ইতিবাচক’ বলে মনে করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেশী দেশগুলো যে প্রধানমন্ত্রীর কাছে অগ্রাধিকার পাবে, সেটা তাঁর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
বীণা সিক্রি বলেন, ‘গতানুগতিক ধ্যান-ধারণার বাইরে বেরিয়ে তিনি নতুন প্রথা শুরু করতে চাইছেন। পররাষ্ট্রনীতিতে এটা খুবই কাজের।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম কাজ বাজেট পেশ করা। জুন-জুলাইয়ে তা পাস করানোর পর জুলাই মাসেই তিনি ব্রাজিলে যেতে পারেন ‘ব্রিকস’ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট) সম্মেলনে যোগ দিতে।
দ্বিপক্ষীয় সফরে তাঁর প্রথম লক্ষ্য হয় জাপান নতুবা প্রতিবেশী কোনো দেশ। সেটা পাকিস্তান, না বাংলাদেশ—সে বিষয়ে এ মুহূর্তে স্পষ্ট কোনো ধারণা দলের কেউ দিতে পারছেন না