মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা গুজরাট দাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আগামী বছর জাতীয় নির্বাচন। এতে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে নির্বাচন করতে পারেন নরেন্দ্র মোদি। তবে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নকে তাড়া করে ফিরছে এক যুগ আগের গুজরাট দাঙ্গার ভূত। এক দশকের বেশি সময় ধরে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী মোদি। আগামী জাতীয় নির্বাচনে বিজেপিকে তিনিই নেতৃত্ব দেবেন বলে ভাবা হচ্ছে। মোদি বর্তমানে নিজেকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে সংস্কারবাদী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যেন বিশ্বের সবচেয়ে বড় এই গণতন্ত্রের ভাগ্যকে তিনিই পুনরুদ্ধার করতে পারবেন। তবে মোদির এই প্রচেষ্টার পথে বাদ সাধছে আদালতে নতুন একটি মামলা এবং বিজেপির একটি মিত্র দলের মোদি-বিরোধিতা। এসব ঘটনা ১১ বছর আগের হিন্দু-মুসলিম দাঙ্গার সেই ক্ষতকে আবার দগদগে করে তুলছে। বিশ্লেষকেরা বলছেন, মোদি যতই সেই ঘটনার স্মৃতি ধুয়ে-মুছে ফেলার চেষ্টা করুক না কেন, তাঁর দল বিজেপি হয়তো এখনো মনে করে, ক্ষমতাসীন ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসের বিরুদ্ধে তাদের জয়ের পথে তিনি এখনো বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিত্ব। মুম্বাইভিত্তিক দৈনিক ডিএনএর কলাম লেখক পারসা ভেঙ্কাটেশ্বর বলেন, ‘দলকে সারা দেশে জয়ে নেতৃত্ব দিতে মোদি কি সক্ষম? বিজেপি ১৯৯৬ সালে অটল বিহারি বাজপেয়িকে দিয়ে এ ধরনের ঝুঁকি নিয়েছিল। তবে মোদি প্রশ্নে একটা শঙ্কা রয়েই যায়। সেটি হচ্ছে, তিনি দেশে বিভাজন সৃষ্টি করেছেন।’ নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক বিজি ভার্গিস মনে করেন, দলের ভেতরে-বাইরে অনেকেই মোদির নেতৃত্ব নিয়ে সন্দিহান। তাঁরা মনে করেন, তিনি দলের ভেতরে এবং সম্প্রদায়ের ভেতরে বিভাজন সৃষ্টিকারী শক্তি। ভারতের পার্লামেন্টে বর্তমান বিরোধী দল হচ্ছে বিজেপি। তাদের আসনসংখ্যা ১১৫। হিসাব-নিকাশ বলছে, আগামী নির্বাচনে সরকার গঠন করতে হলে বিজেপিকে কমপক্ষে ২০০ আসনে জয়ী হতে হবে; তারপর আঞ্চলিক দলগুলোর সমর্থন নিতে হবে। এ জন্য বর্তমানে তাদের সঙ্গে যে আটটি দলের জোট রয়েছে, তাদের আস্থায় রাখতে হবে। তবে এরই মধ্যে বিজেপির বড় মিত্র জনতা দল ইউনাইটেড (জেডি-ইউ) পার্টি মোদি-বিরোধিতার বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। গত সপ্তাহে তারা অভিযোগ তুলেছে, মোদি সেই দাঙ্গার সময়ে তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। ওই দাঙ্গার বিষয়ে গঠিত কোনো তদন্ত কমিটিই দাঙ্গার জন্য মোদিকে ব্যক্তিগতভাবে দায়ী করেনি। তবে তাঁর সাবেক মন্ত্রী মায়া কোদনানি ৯৭ জন মুসলমানকে হত্যায় ইন্ধন দেওয়ার দায়ে যাবজ্জীবন কারাভোগ করছেন। দাঙ্গায় নিহত মুসলিম নেতা কংগ্রেস-দলীয় সাবেক পার্লামেন্ট সদস্য এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি সম্প্রতি স্থানীয় একটি আদালতে পিটিশন করেছেন। ২৪ এপ্রিল ওই পিটিশনের শুনানি শুরু হবে। সব মিলিয়ে গুজরাট দাঙ্গার ভূতই মোদির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথে এখন বড় বাধা।