মোদির বিরুদ্ধে লাদেন!

আসল নাম মেরাজ খালিদ নূর। সবাই চেনে ওসামা বিন লাদেন হিসেবে। আল-কায়েদার প্রয়াত এই নেতার সঙ্গে চেহারার অদ্ভুত রকমের মিল থাকায় মেরাজ খালেদ নূর এলাকায় পরিচিত হয়ে ওঠেন লাদেন নামেই। তিনি লোকসভা নির্বাচনে বারানসি আসন থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
আজ শুক্রবার নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে ‘বিহারের ওসামা’ মেরাজ খালিদ নূর বলেন, ‘আমি বারানসি থেকে মোদির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।’ অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। সম্প্রতি গঠিত রাজনৈতিক দল ‘রাম ইন্ডিয়া’র প্রেসিডেন্ট এই নূর। তিনি ২০০৪ সালের লোকসভা নির্বাচনের সময় লোক জনশক্তি পার্টির (এলজেপি) নেতা রামবিলাস পাসওয়ান এবং ২০০৫ সালে বিধানসভার নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদের প্রচারণায় অংশ নেন। অভিযোগ করে তিনি বলেন, এই দুই নেতাই মুসলমান ভোটারের সমর্থন টানতে তাঁকে ‘ব্যবহার’ করেছেন।