মোদির বিরোধিতার প্রশ্নে দ্বিধায় মমতা

ভারতের পার্লামেন্টে নরেন্দ্র মোদি সরকারের ব্যাপারে দলের অবস্থান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচার-প্রচারণার সময় নানা বক্তৃতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মোদির সঙ্গে মমতার দা-কুমড়োর সম্পর্ক লক্ষ করা গেছে।
দিল্লির মসনদে ‘দাঙ্গাবাবু’ মোদিকে দেখতে চান না বলে স্পষ্ট জানিয়েছিলেন মমতা। সেই মোদিই বিপুল ভোটে জিতে এখন ভারতের প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে মমতা পড়েছেন বহুমুখী সংকটে। পার্লামেন্টে তাঁরা মোদির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। এতে তৃণমূল কংগ্রেসই যে চরম ক্ষতির মুখে পড়বে, তা বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এদিকে রয়েছে সারদা কেলেঙ্কারি মামলা। এই মামলার এখন তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিবিআই। মামলায় তৃণমূলের বেশ কয়েকজন নেতা, সাংসদ ও মন্ত্রী জড়িত থাকার অভিযোগ রয়েছে। সিবিআই প্রধানমন্ত্রীর আওতাধীন একটি তদন্তকারী সংস্থা। ফলে এ নিয়েও ভয় আছে মমতার।
রাজ্যের শাসন নিয়েও ভাবতে হচ্ছে মমতাকে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতা প্রয়োজন। সংসদে মমতার দল যদি মোদি সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়, সে ক্ষেত্রে আর্থিক অনুদান থেকে পিছিয়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ। সেটাও বুঝতে পারছেন তৃণমূল নেত্রী।
আবার মোদি সরকারের পক্ষে অবস্থান নিলে মমতার প্রতি সংখ্যালঘু মুসলিম ভোটারদের সমর্থন প্রশ্নের মুখে পড়বে। সংখ্যালঘু মুসলিমরা চাইছেন না, মমতা তাঁর অবস্থান পাল্টে মোদির দিকে ঝুঁকে পড়ুন।
এসব হিসাব মেলাতে গিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস।
এরই মধ্যে মমতার নির্দেশে তৃণমূলের সাংসদদের একটি বার্তা পাঠিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তাতে তিনি বলে দিয়েছেন, লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করে কোনো সাংসদ কোনো বক্তব্য দিতে পারবেন না। একই সঙ্গে এ কথাও বলা হয়েছে, কোনো অবস্থাতেই যেন কোনো সাংসদ নিজের ব্যক্তিগত মতামত পেশ না করেন।
এ ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, মমতা এখনই বিজেপির সঙ্গে সরাসরি বিরোধে যাবেন না। পা দেবেন ধীরেসুস্থে, যাতে করে তাঁর দল স্বার্থ আদায় করে নিতে পারে।