মোদির মন পেতে ভারতে দুই ব্রিটিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী আজ সোমবার সে দেশে পৌঁছেছেন।
তাঁর হলেন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও অর্থমন্ত্রী জর্জ অসবর্ন।
এএফপির খবরে জানানো হয়, দুই ব্রিটিশ মন্ত্রী ভারতে দুদিন থাকবেন। এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও অবকাঠামোগত সম্পর্ক জোরদার করার চেষ্টা চলবে।

আজ যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের প্রকাশিত অসবর্নের উদ্ধৃতির বরাত দিয়ে প্রকাশিত খবরে জানানো হয়, অসবর্ন তাঁর বক্তব্যে ভারতীয় ব্যবসায়ীদের এ কথা বলবেন যে দেশটির অর্থনৈতিক ভবিষ্যত্ খুব উজ্জ্বল। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারত এখন নতুন একটি আস্থার জায়গা।

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ব্রিটিশ মন্ত্রীদের এই সফরকে মোদি সরকারের সাফল্য হিসেবে মনে করা হচ্ছে।

সরকার গঠনের পর মোদি ভারতের নাজুক অর্থনীতিকে চাঙা করার কথা বলেন। বিনিয়োগ বাড়ানো ও অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। মোদির এই অর্থনৈতিক সংস্কারের প্রত্যয় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আশা জাগিয়ে তুলেছে।

২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে ইউরোপীয় সরকার ও যুক্তরাষ্ট্র মোদিকে বয়কট করে। কিন্তু এখন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাজ্য।

অসবর্ন বলেন, ভারতের ফার্মাসিটিউক্যাল কোম্পানি সিপলা যুক্তরাজ্যের ওষুধ গবেষণাগারে ১৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করবে। গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান মহিন্দ্র অ্যান্ড মহিন্দ্র যুক্তরাজ্যের বৈদ্যুতিক গাড়ি উন্নয়নকারী প্রতিষ্ঠানে তিন কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে।

মুম্বাই সফরের পরে অসবর্ন ও হেগ নয়াদিল্লিতে যাবেন। সেখানে কাল মঙ্গলবার তাঁরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করবেন। পরে তাঁরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করবেন।