মোদির মন্তব্যে বিতর্কের ঝড়
লোকসভার আগামী নির্বাচনে বিজেপির প্রচারের অভিমুখ যে শেষ পর্যন্ত কট্টর হিন্দুত্বই হতে চলেছে, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তা স্পষ্ট করে দিলেন। গতকাল শুক্রবার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, ‘হিন্দু পরিবারে আমার জন্ম, আমি হিন্দু জাতীয়তাবাদী এবং দেশভক্ত। এতে কোনো অন্যায় নেই।’গুজরাটের দাঙ্গা প্রসঙ্গে সাফাই গেয়ে মোদি বলেন, ‘কেউ তখনই লজ্জিত হয় বা দুঃখ পায়, যদি অন্যায় করে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি এমন কিছু করিনি, যাতে দুঃখ পেতে হবে বা লজ্জিত হতে হবে।’অথচ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রিত্বের শপথ নেওয়ার পর এই মোদিই গুজরাটে প্রকাশ্য জনসভায় গোধরা-কাণ্ডের জন্য প্রকারান্তরে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘যদি কোনো ভুল করে থাকি, তাহলে দুঃখিত, ক্ষমাপ্রার্থী।’ সেই সময় মোদি ‘বিজেপির মুখ’ হিসেবে চিহ্নিত ছিলেন না। দলের মুখ হিসেবে চিহ্নিত হওয়ার পর মোদির গতকালের মন্তব্য এটা স্পষ্ট করে দিল, কট্টর হিন্দুত্বকে বিজেপি ত্যাগ করেনি, বরং সেটাকে আঁকড়েই ভোটের লড়াইয়ে নামতে চলেছে।বিজেপির কৌশল খুবই পরিষ্কার, একদিকে কট্টর হিন্দুত্ব, অন্যদিকে উন্নয়নকে তুলে ধরেই তারা প্রচারে নামতে চলেছে।সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোৎপল বসু বলেন, ‘মোদির পেছনে দুটি শক্তি কাজ করছে—সংঘ পরিবার ও করপোরেট দুনিয়া। মোদি আজ যা বলেছেন, তা সংঘ পরিবারেরই কণ্ঠস্বর।’ জনতা দল (সংযুক্ত) ও কংগ্রেস বলেছে, এমন মানুষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাই নেই।মোদিকে দলের মুখ হিসেবে তুলে ধরার বিরোধিতা যাঁরা করছিলেন, এই মন্তব্যে তাঁরা বিস্মিত নন। এই মহলের মতে, বিজেপি হিন্দু ‘গো বলয়ে’ মেরুকরণের দিকেই এগোচ্ছে। বিহার ও উত্তর প্রদেশে লোকসভার মোট আসনসংখ্যা ১২০, যার ৫০ শতাংশ বিজেপি জিততে চায় মোদিকে সামনে রেখে। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রে বিজেপি শক্তিশালী। এই রাজ্যগুলোতে তাদের লড়াই সরাসরি কংগ্রেসের সঙ্গে। কর্ণাটকে তারা ছেড়ে যাওয়া নেতা বি এস ইয়েদুরাপ্পাকে ফেরত নেওয়ার চিন্তা করেছে। কিন্তু মোদির মন্তব্য ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে কংগ্রেসের পক্ষে দাঁড় করাতে পারে, বিজেপির একাংশের মধ্যে সে আশঙ্কা রয়েছে।কেন্দ্রীয় সরকার অন্য একটি কারণেও অবশ্য মোদির এই মন্তব্যে চিন্তিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রের মতে, মুসলমানদের পবিত্র রমজান মাসে মোদির এ ধরনের মন্তব্য অবাঞ্ছিতই শুধু নয়, চিন্তারও। মুসলিম সম্প্রদায় মোটেই ভালোভাবে নিচ্ছে না বিষয়টি।